আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
পরীক্ষার খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রী বলেন, “কোনো পরীক্ষককে যেন অন্যায্যভাবে কম বা বেশি নম্বর দেওয়ার সুযোগ না থাকে, সেজন্য সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি (এলোমেলোভাবে) চেক করে দেখবো”। দেশের উচ্চ শিক্ষার বর্তমান প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?”
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, “ঐতিহ্যগত ‘নকল’ শব্দটির কবর আমরা অনেক আগেই দিয়ে এসেছি, এটা নিয়ে আর নতুন করে কথা বলতে চাই না। কিন্তু প্রযুক্তির এই যুগে এখন নকল হচ্ছে সম্পূর্ণ ডিজিটালি। তাই ডিজিটাল এই জালিয়াতিকে আমাদের সেভাবেই আধুনিক প্রযুক্তি দিয়ে প্রতিহত করতে হবে”।
বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এই অসাধু চক্রকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন একযোগে কাজ করছে। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রশ্নফাঁস রুখতে আমি নিজে সরাসরি বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি”।