৬৬৬ কোটি টাকা কর পরিশোধ না করতে চেয়ে এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে গ্রামীণ কল্যাণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই কর দাবি আইনসঙ্গত নয় উল্লেখ করে হাইকোর্টের রায় বাতিল ও স্থগিত চেয়েছে প্রতিষ্ঠানটি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে এই লিভ টু আপিল দায়ের করে প্রতিষ্ঠানটি। এর আগে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে গ্রামীণ কল্যাণের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশন খারিজ করে রায় দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের দ্বৈত বেঞ্চ।
প্রকাশিত রায়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, গ্রামীণফোনের শেয়ারের প্রকৃত মালিক গ্রামীণ টেলিকম; গ্রামীণ কল্যাণ কেবল একটি চুক্তির অধীনে অর্থের অংশীদার হলেও সরাসরি শেয়ারহোল্ডার নয়। ফলে এই আয়কে ‘লভ্যাংশ আয়’ দেখিয়ে কম হারে কর দেওয়ার কোনো সুযোগ নেই।
একই সঙ্গে গ্রামীণ কল্যাণের কাছ থেকে কর আদায়ের জন্য অবিলম্বে চাহিদা পত্র জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এনবিআরকে।