পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজের দেওয়া নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন’ প্রকল্পের আওতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু হলো।
আজ সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সড়কপথে দিনাজপুরের অভিমুখে রওনা হন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হয়। কাহারোলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শুধু স্থানীয় প্রকল্পের উদ্বোধনই করেননি, বরং প্রযুক্তির সহায়তায় ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের কৃষি ব্যবস্থায় সেচ সুবিধা বৃদ্ধি করবে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যান। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।