• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

খেলোয়াড়ি জীবনে বিশ্বের প্রায় সব প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়িয়েছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। বাইশ গজের সেই ‘ইউনিভার্স বস’ এবার অবতীর্ণ হচ্ছেন সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। ব্যাট হাতে ছক্কার বৃষ্টি ঝরানোর বদলে এবার তিনি দল সামলাবেন মালিকের চেয়ারে বসে। ইউরোপের প্রথম আইসিসি-স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ’ (ইটিপিএল)-এর ফ্র্যাঞ্চাইজি ‘গ্লাসগো মুগাফিয়ান্স’-এর সহমালিক ও গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।

গ্লাসগোভিত্তিক এই স্কটিশ ফ্র্যাঞ্চাইজিটির মূল মালিক ভারতীয় নারী উদ্যোক্তা তানশা বাত্রা এবং এটি ভারতের মিডিয়া ও বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ‘মুগাফি গ্রুপ’-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত হবে। অন্যদিকে, পুরো ইটিপিএল টুর্নামেন্টটির অন্যতম কর্ণধার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। গেইলের মতো একজন মহাতারকাকে গ্লাসগো দলে পেয়ে উচ্ছ্বসিত অভিষেক বচ্চন জানিয়েছেন, ইউরোপ হচ্ছে ক্রিকেটের জন্য সম্ভাবনাময় এক নতুন দিগন্ত। গেইলের এই অন্তর্ভুক্তি লিগটিকে শুধু ইউরোপেই নয়, বরং বিশ্বজুড়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে সাহায্য করবে বলে তিনি বিশ্বাস করেন।

নিজের নতুন এই ইনিংস নিয়ে দারুণ রোমাঞ্চিত ক্রিস গেইলও। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিক হিসেবে যুক্ত হওয়াটা তার ক্যারিয়ারের এক দারুণ উত্তেজনাকর নতুন অধ্যায়। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আশাবাদী যে, ইটিপিএল দারুণ কিছু হতে যাচ্ছে। ইউরোপকে বিশ্ব ক্রিকেটের ‘শেষ সীমানা’ হিসেবে উল্লেখ করে গেইল জানিয়েছেন, প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির ক্ষেত্রে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে।

আগামী ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএল-এর জমকালো উদ্বোধনী আসর। মোট ৩৩টি ম্যাচের এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের গ্লাসগো ও এডিনবার্গ ছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিন ও বেলফাস্ট এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডাম—এই ছয়টি শহরের ছয়টি ফ্র্যাঞ্চাইজি লড়বে।

টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগেই ক্রিকেট বিশ্বের রথী-মহারথীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্টিভ ওয়াহ এবং হকি আইকন জেমি ডায়ার, যেখানে দলটির নেতৃত্ব দেবেন অজি তারকা মিচেল মার্শ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহমালিক হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে এডিনবার্গের মালিকানায় আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস ও নাথান ম্যাককালাম এবং দলটির অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল স্যান্টনার। এমনকি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন ডাবলিন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে আছেন বলেও খবর শোনা যাচ্ছে। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা তারকাদের এই সম্পৃক্ততা প্রমাণ করে যে, ইউরোপ খুব শিগগিরই টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category