• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর (প্রথম তথ্য বিবরণী) দায়ের করা হয়েছে। ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মমতার এই বক্তব্য দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত ২ জুন পশ্চিমবঙ্গে আয়োজিত এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। সেখানে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম টেনে আনেন। মমতা দাবি করেন, এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন সন্দেহভাজন অপরাধী মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। তিনি একে রাজ্য পুলিশের বড় সাফল্য হিসেবে অভিহিত করেন।

মমতা আরও অভিযোগ করেন, এই গ্রেপ্তারের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন। ঘটনার পেছনের অনেক গোপন তথ্য তার জানা রয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দুই দেশের পারস্পরিক স্বার্থের কথা বিবেচনা করে তিনি আপাতত সেসব তথ্য প্রকাশ করছেন না।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় এক সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। এই ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা ও পরে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category