• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

২০২৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এই প্যাকেজে সর্বনিম্ন খরচে হজ পালনে সকল মৌলিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের খরচ সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা ও সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ১৩ হজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের চেয়ে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমেছে। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সমন্বিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছে। ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি মোট চারটি সার্ভিস প্যাকেজ ছিল। কিন্তু ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে তিনটি। এছাড়া ২০২৭ সালের হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এসব উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিমান ভাড়া কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী মোফাজ্জাল হোসাইন বলেন, শেখ হাসিনার আমলে ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় দুই লাখ টাকা। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিমান ভাড়া এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। ২০২৭ সালের হজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা হজের বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইলফলক।

গত হজের চেয়ে খরচ কমল না বাড়ল—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত হজের সর্বনিম্ন প্যাকেজে খাবার খরচ অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ২০২৭ সালের হজে ক্যাটারিং বাধ্যতামূলক করা, সার্ভিস প্যাকেজ ‘ডি’ বাতিল করা ও সৌদি রিয়ালের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় হজ প্যাকেজে বাড়তি খরচ যুক্ত হয়েছে ৬৬ হাজার ৫৭৪ টাকা। ২০২৬ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের সঙ্গে এই টাকা যোগ করে তুলনা করলে ২০২৭ সালের হজ প্যাকেজ-২ এ ২৮ হাজার ৬৩ টাকা কমেছে বলে জানান তিনি।

প্রবাসী হজযাত্রীদের প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজের জন্য প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যে দেশে অবস্থান করছেন সে দেশেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবে। এর আগের বছরগুলোতে তাদের দেশে এসে এ কাজগুলো করতে হতো। এছাড়া, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সে বিষয়েও চেষ্টা করে যাচ্ছে মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হজ প্যাকেজ-১-এর হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায়‌ সার্ভিস প্যাকেজ-৩ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধসাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে।

অন্যদিকে, হজ প্যাকেজ-২, হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরিফের বহিঃচত্বর হতে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববি থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায়‌ সার্ভিস প্যাকেজ-৩ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

এ সময় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category