• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি। তাই কাউকে নিজেকে দুর্বল বা সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই।

তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে মানুষ আলাদা হতে পারে, কেউ পাহাড়ে, কেউ সমতলে বসবাস করতে পারে। কিন্তু দিনশেষে সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান। একটি সুন্দর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বুধবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার কাদিমনগর সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সব সময় জনগণের পাশে থাকা, মানুষের কথা বলা এবং জনকল্যাণে কাজ করা। শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়, বরং সারা বছর মানুষের সেবা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, গত বছর দুর্গাপূজার মণ্ডপে পাহারা দিতে যাদের দেখা গেছে, এ বছর তাদের আর দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য মণ্ডপে স্বেচ্ছাসেবক পাঠানো হলেও ভোট না থাকায় এখন তাদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কী ক্ষমতার জন্যই রাজনীতি করেন তারা?’

মন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকালেও জনগণের পাশে ছিল। বর্তমানে সরকারে থেকেও দলটির নেতাকর্মীরা মানুষের সেবা করে যাচ্ছেন। যারা বড়-বড় কথা বলেন, গত বছর তারা কী করেছেন এবং এ বছর কী করছেন, তা জনগণের বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের মধ্যে দলের প্রতি যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে এবং আরও সুদৃঢ় করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে এই আস্থার প্রতিফলন ঘটাতে হবে।

মতবিনিময় সভায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন এবং কাদিমনগর সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি হিমাংশু কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category