• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
বেসরকারি খাতে ঋণের খরা: কেবল পদক্ষেপে নয়, প্রয়োজন আস্থার সংকট দূরীকরণ ব্যথামুক্ত জীবন ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ কোটালীপাড়ার প্রবীণ শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শিক্ষা, প্রযুক্তিসহ বহুমুখী সহযোগিতা বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীনের আলোচনা অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রা কাস্টোডিয়াল অ্যাকাউন্ট সুবিধা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন মানি চেঞ্জাররা। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা পরিবহণের ঝুঁকি কমাতে বিমা ও নিরাপত্তা ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ (এফইপিডি-২) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলার নং ১০-এ স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক মুনিরা ইসলাম।

সার্কুলারে বলা হয়েছে, নগদ অর্থ ব্যবস্থাপনা জোরদার, পরিবহণকালীন ঝুঁকি কমানো এবং বৈদেশিক মুদ্রার নিরাপদ স্থানান্তর নিশ্চিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের এ সুবিধা দিতে পারবে।

নির্দেশনা অনুযায়ী, কাস্টোডিয়াল অ্যাকাউন্ট শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এটি কোনো সুদবাহী আমানত হিসাব হিসেবে বিবেচিত হবে না। ব্যবসায়িক লেনদেনের নথিপত্র ও গ্রাহকের প্রোফাইলের ভিত্তিতে এসব হিসাবে যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে।

ব্যাংকিং কার্যক্রম চলাকালে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা জমা দেওয়া যাবে। পরবর্তী কার্যদিবসের সকালে অথবা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে তা উত্তোলন করা যাবে।

বৈদেশিক মুদ্রা পরিবহণের নিরাপত্তায় মানি চেঞ্জারদের ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংকের নির্ধারিত শাখায় যাতায়াতের সময় চুরি, ডাকাতি, অর্থ হারানো বা ক্ষতির ঝুঁকি এই বিমার আওতায় থাকবে। ব্যাংকের নির্ধারিত সীমার বেশি অর্থ পরিবহণের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা অথবা নিরাপত্তা প্রহরীসহ অর্থ পরিবহণ করতে হবে।

এ ছাড়া দিনের শেষভাগে জমা দেওয়া অর্থের নিরাপত্তায় ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও সাময়িকভাবে ভল্টে অর্থ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, চেক বা উত্তোলন স্লিপের মাধ্যমে এসব হিসাব থেকে অর্থ তোলা যাবে। তবে কেবল ব্যাংকে স্বাক্ষর, ছবি ও পরিচয়সংক্রান্ত নথি সংরক্ষিত রয়েছে—এমন যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের কাছেই অর্থ হস্তান্তর করা যাবে। হিসাবের বিদ্যমান ব্যালেন্সের বেশি অর্থ উত্তোলন করা যাবে না। এসব হিসাবে কোনো ওভারড্রাফট বা ঋণ সুবিধাও দেওয়া যাবে না।

অন্যদিকে, ব্যাংকগুলো গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে হিসাব রক্ষণাবেক্ষণ ফি ও নগদ অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত চার্জ নির্ধারণ করতে পারবে।

লেনদেনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এসব হিসাবের সব লেনদেন সরাসরি বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা তৃতীয় পক্ষের কাছে অর্থ হস্তান্তর করা যাবে না।

এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি বা কেওয়াইসি নথিপত্র হালনাগাদ রাখতে এবং বাংলাদেশ ব্যাংক থেকে মানি চেঞ্জারদের লাইসেন্সের বৈধতা যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি লেনদেনের তারিখ ও সময়, মুদ্রার মূল্যমান এবং অর্থ বহনকারীর পরিচিতিসহ পূর্ণাঙ্গ নিরীক্ষা-তথ্য সংরক্ষণ করতে হবে।

এর আগে গত ১৭ অক্টোবর জারি করা এফইপিডি-২ সার্কুলার নং ০৭-এর ৬ নম্বর অনুচ্ছেদে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার হিসাব খোলা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন সার্কুলারে কাস্টোডিয়াল অ্যাকাউন্ট পরিচালনা, নিরাপত্তা ও অর্থ উত্তোলনের বিস্তারিত বিধান যুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category