রাজধানীর চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ওভারহিটের কারণে এক নবজাতকের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে এনআইসিইউর কোনো শয্যা খালি না থাকায় শিশুটিকে চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত তাপের কারণে নবজাতকের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ দগ্ধ হয়।
বিষয়টি জানতে পেরে রয়েল কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে নবজাতকটি ঢামেক হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।