২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সরকারের নেওয়া প্রতিটি ঋণ যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।’
আমির খসরু বলেন, সরকার প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সসহ উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে।
তিনি বলেন, একটি দেশের সার্বভৌম ঋণ গ্রহণের সাফল্য কত অর্থ ঋণ নেওয়া হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং ওই অর্থ কতটা কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছে, সেটিই এর প্রকৃত মাপকাঠি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৫ থেকে ১৬ নভেম্বর ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করেছে।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে টেকসই ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
সম্মেলনে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এতে যোগ দিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।
সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবি-বাংলাদেশ আবাসিক মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার এস এম ইবাদুর রহমান।
তানভীর শাহরিয়ার গনি বলেন, ঋণ গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে বাংলাদেশকে ডলারভিত্তিক ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ খতিয়ে দেখা উচিত।
তিনি বলেন, জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের বন্ডের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে পারে। তবে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অর্থনীতির শক্তিশালী মৌলিক ভিত্তি, স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য সুযোগ নিশ্চিত করতে হবে।
বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সেটেলমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সমন্বয় জোরদারেরও আহ্বান জানান তিনি।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি অর্থায়নকে আরও পূর্বানুমানযোগ্য ও স্বচ্ছ করতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক সুদের হার পরিবর্তন এবং বিনিময় হারের অস্থিরতার কারণে সরকারি ঋণ ব্যবস্থাপনা আগের চেয়ে জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের দায়সংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রতিবেদন তৈরির ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি ট্রেজারি বিল ও বন্ডের নিলাম প্রক্রিয়া শক্তিশালী করা এবং বিনিয়োগকারীর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, টাকার অঙ্কে বাংলাদেশের বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে দ্বিগুণেরও বেশি হতে পারে।
তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশের সরকারি ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৯ শতাংশের নিচে ছিল। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ হার প্রায় একই পর্যায়ে থাকার পূর্বাভাস রয়েছে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের ওপর চাপ তৈরি হচ্ছে এবং অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে জিডিপির ২ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ ঋণ পরিশোধ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি সরকারি গ্যারান্টিসহ সব ধরনের সরকারি ঋণের তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান, যাতে ঋণ পরিশোধের চাপ সুষ্ঠুভাবে সামাল দেওয়া যায়।
কিংফেং ঝাং আরও বলেন, অভ্যন্তরীণ বন্ডবাজারের গভীরতা বাড়ানো, প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া শক্তিশালী করা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পগুলোর ওপর নজরদারি জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে সম্ভাব্য আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
উন্নয়নশীল দেশগুলো যখন সরকারি বিনিয়োগে অর্থায়ন, ঋণ পরিশোধের দায় ব্যবস্থাপনা এবং সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ক্রমবর্ধমান জটিলতার মুখে রয়েছে, তখন এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে, কীভাবে ঋণের অর্থ ব্যবহার করে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায়, একই সঙ্গে যাতে সরকারের ওপর অসহনীয় আর্থিক চাপ তৈরি না হয়।
সম্মেলনে বিশেষ বক্তব্য দেন এডিবির পরামর্শক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন। তিনি সার্বভৌম ঋণ গ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
তার উপস্থাপনায় সরকারি ঋণ কী পরিস্থিতিতে অর্থনীতিতে ইতিবাচক সুফল বয়ে আনে এবং অতিরিক্ত ঋণ কীভাবে আর্থিক স্থিতিশীলতা দুর্বল করতে পারে বা বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে, তা তুলে ধরা হয়।
বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণপ্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য ঋণ ব্যবস্থাপনার প্রভাব ও চ্যালেঞ্জগুলো সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ পর্যায়ে অর্থায়নের উৎস বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হচ্ছে।