সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলনে একথা জানান তিনি।
জুবাইদা রহমান বলেন, , প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। দীর্ঘদিনের অবহেলায় এ খাতে তৈরি হওয়া বড় ঘাটতির ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত সুস্থতা নিশ্চিত করাও রোগীদের জন্য উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এসময় তিনি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে, প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।
একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঘাটতি দূর করতে পরিকল্পিতভাবে পুনর্গঠন প্রয়োজন। আগামী দুই থেকে তিন বছরে অন্তত ৩ থেকে ৫ হাজার অ্যানেসথেসিওলজিস্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।