• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের ব্যাংক খাতের বর্তমান চিত্র গভীর উদ্বেগজনক এবং আর্থিক স্থিতিশীলতার জন্য এক বড় অশনিসংকেত। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি নির্দেশক ‘ক্যাপিটাল-টু-রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও’ (সিআরএআর) বা ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত জুন মাসে সামগ্রিক ব্যাংক খাতের সিআরএআর ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই সূচক প্রথমবারের মতো ঋণাত্মক ২ দশমিক ৯ শতাংশে নেমেছিল, যা চলতি বছরের মার্চে ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশে এবং জুনে আরও তলানিতে গিয়ে ঠেকেছে। মূলধনের এই ক্রমাগত ক্ষয় প্রমাণ করে যে, দেশের ব্যাংক খাত এক গভীর ও কাঠামোগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা মোকাবিলায় এখনই কঠোর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া জরুরি।
আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্যাসেল-৩’ নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১০ শতাংশ সিআরএআর এবং এর সঙ্গে অতিরিক্ত ২ দশমিক ৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার সংরক্ষণ করা বাধ্যতামূলক। অথচ কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২১টি ব্যাংক ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং ১৫টি ব্যাংকের মূলধন অবস্থান ঋণাত্মক হয়ে পড়েছে। এর অর্থ হলো, এসব ব্যাংকের নিজস্ব মূলধন সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে এবং ভবিষ্যতে যেকোনো সামান্য আর্থিক ধাক্কা সামলানোর সক্ষমতাও তাদের নেই। ব্যাংক খাতের একটি বড় অংশ কার্যত দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। বছরের পর বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ, অপরিণামদর্শী বিনিয়োগ, তদারকির শিথিলতা এবং নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত ছাড় দেওয়ার সংস্কৃতিই আজ খাতটিকে এই ভঙ্গুর অবস্থায় দাঁড় করিয়েছে।
ব্যাংকগুলোর এই মূলধন ঘাটতির নেতিবাচক প্রভাব সরাসরি দেশের সামগ্রিক অর্থনীতি ও বিনিয়োগের ওপর পড়ছে। মূলধন সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলো তাদের মূল কাজ অর্থাৎ বিনিয়োগে অর্থায়ন করতে পারছে না। নতুন ঋণ দিলে ঝুঁকি আরও বাড়বে—এই আশঙ্কায় তারা ঋণ বিতরণ সংকুচিত করতে বাধ্য হচ্ছে। এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড পরিমাণ কমে ৪ দশমিক ১৭ শতাংশে নেমে আসা সেই স্থবিরতারই স্পষ্ট প্রমাণ।
এই বিপর্যয়ের মূল কেন্দ্রে রয়েছে খেলাপি ঋণের পাহাড়সম বোঝা। ঋণ শ্রেণিকরণের আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগের ফলে ব্যাংক খাতের প্রকৃত ও লুকানো ক্ষত এখন প্রকাশ্যে এসেছে। চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩২ শতাংশ। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সুশাসনের অভাব, বারবার ঋণ পুনঃতফসিলের সুযোগ এবং রাজনৈতিক ছত্রছায়ায় বড় ঋণখেলাপিদের জবাবদিহির বাইরে রাখার প্রবণতা এই সংকটকে ঘনীভূত করেছে। বর্তমানে ব্যাংক খাতের অবস্থা এতটাই নাজুক যে, স্ট্রেস টেস্ট বা সহনশীলতা পরীক্ষার ফলাফল বলছে, কেবল দু-একজন বড় ঋণগ্রহীতা খেলাপি হলেই পুরো ব্যবস্থাটি আরও গভীর ঋণাত্মক মূলধনের গহ্বরে তলিয়ে যাবে।
একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো তার ব্যাংকিং ব্যবস্থা। এই খাতকে এভাবে অরক্ষিত ও ভঙ্গুর অবস্থায় ফেলে রাখার কোনো সুযোগ সরকারের নেই। ব্যাংক খাতের কাঠামোগত সংস্কারকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে। প্রথমত, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করে খেলাপি ঋণ আদায়ে কঠোর হতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক বিবেচনায় ও প্রভাব খাটিয়ে ঋণ দেওয়ার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের তদারকি ক্ষমতা ও পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, যাতে কোনো মহলের চাপে নিয়ন্ত্রক সংস্থা নতি স্বীকার না করে। সর্বোপরি, দুর্বল ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনে একটি সময়াবদ্ধ ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category