প্রতিটি শিশুরই ভয়, শোষণ ও নির্যাতনমুক্ত পরিবেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার অধিকার রয়েছে। ২০ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের সামষ্টিক দায়িত্ব। কিন্তু নানামুখী আইনি সুরক্ষা এবং সরকারি-বেসরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও শিশু পাচার আজও শিশু অধিকার লঙ্ঘনের অন্যতম ভয়াবহ রূপ হিসেবে রয়ে গেছে। কেবল প্রতিশ্রুতি বা আইন প্রণয়ন নয়, বরং যে আর্থসামাজিক ও পারিবারিক দুর্বলতা শিশুদের পাচারের ঝুঁকিতে ফেলে, তা সমূলে উৎপাটনে টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
বাংলাদেশে শিশু পাচারের প্রকৃত চিত্র নিরূপণ করা কঠিন, কারণ অধিকাংশ ঘটনাই অগোচরে থেকে যায় বা নথিভুক্ত হয় না। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ২০২৫ সালের ‘স্টপিং দ্য ট্রাফিক’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে সরকার ১ হাজার ২১০ জন মানব পাচারের শিকার ব্যক্তিকে শনাক্ত করেছিল, যার মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া দেশে প্রায় ৩৪ লাখ পথশিশু রয়েছে, যারা পরিবার, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় পাচার ও শোষণের চরম ঝুঁকিতে বসবাস করছে। অন্যদিকে, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) ২০২৪ সালের বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে বিশ্বজুড়ে শনাক্তকৃত শিশু পাচারের শিকার শিশুর সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তাকেই সামনে নিয়ে আসে।
দারিদ্র্য, বেকারত্ব, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি এবং দুর্বল সামাজিক সুরক্ষা ব্যবস্থা শিশুদের পাচারের সহজ শিকারে পরিণত করে। অভাবের তাড়নায় অনেক পরিবার শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে ঝুঁকিপূর্ণ কাজে পাঠাতে বাধ্য হয়। গৃহকর্ম, কৃষি, ইটভাটা, ছোট কারখানা কিংবা হোটেল-রেস্তোরাঁর মতো অপ্রাতিষ্ঠানিক খাতে নজরদারির অভাবে শিশুশ্রমের আড়ালে পাচার ও জবরদস্তিমূলক শ্রম চলতে থাকে। এর পাশাপাশি প্রযুক্তির প্রসার নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, চাকরির মিথ্যা প্রলোভন ও অনলাইন গ্রুমিংয়ের মাধ্যমে শিশুরা প্রতারণার শিকার হচ্ছে। অথচ অনেক অভিভাবকই সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে অজ্ঞাত থাকেন। তাই শিশুদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন ও প্রশিক্ষিত করা অত্যন্ত জরুরি।
দেশে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ এবং সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা থাকলেও তার যথাযথ প্রয়োগে ঘাটতি রয়েছে। সামাজিক লোকলজ্জা, প্রভাবশালী অপরাধী চক্রের ভয় এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো অনেক সময় মামলা করতে সাহস পায় না। পাচারের শিকার শিশুদের সমাজের বোঝা না ভেবে অধিকারবঞ্চিত শিশু হিসেবে সহমর্মিতা ও মর্যাদার সঙ্গে পুনর্বাসন করতে হবে।
শিশু পাচার রোধে কেবল পাচারকারীদের গ্রেপ্তার ও শাস্তিই যথেষ্ট নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। প্রথমত, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের জন্য আয়বর্ধক কর্মসূচি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা বেষ্টনী সম্প্রসারণ করতে হবে। দ্বিতীয়ত, ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা বাড়াতে হবে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিগুলোকে সক্রিয় করার পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে আসতে হবে।