আম্মা আজকাল প্রায়ই কিছু কথা বলেন—
১) ‘আব্বা, তোমার গায়ে পাউডারের গন্ধ।’
‘আম্মা, আমি তো পাউডার মাখি না।’
‘ছোটবেলায় তোমাকে পাউডার দিতাম না? সেই গন্ধ পাই।’
২) ‘ও আব্বা, তুমি কই?’
‘আমি গাড়িতে, আম্মা। আসতেছি।’
‘রাত নামছে। চিন্তা লাগে। ছোট মানুষ, কোথায় কোন সমস্যায় পড়।’ (আমার বয়স প্রায় ৫৯)
৩) ‘আব্বা, মুখ শুকনা লাগে কেন? খিদা লাগছে?’
‘না, আম্মা। একটু আগে খাইছি।’
‘ঠিকমতো খাও নাই। আবার খাও।’
‘খাইছি তো, আম্মা।’
‘আরেকটু কিছু খাও। মুখ শুকনা দেখলে খারাপ লাগে।’
৪) ‘আব্বা, এদিকে আস?’
‘কিছু লাগবে, আম্মা?’
‘না, তোমাকে দেখতে ইচ্ছা করে। তাই বারবার ডাকি।’
৫) ‘আম্মা, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে।’
‘তোমাকেও সুন্দর লাগতেছে, আব্বা।’
‘আমি তো কালো।’
‘কে বলছে কালো? আমার তো খুব আদর লাগে। চেহারায় আভিজাত্য আছে।’
৬) ‘আম্মা, খাইতে আসো।’
‘খাব না। খিদা নাই।’
‘না খাইলে দুর্বল হয়ে যাবা, আম্মা।’
‘কেউ খাওয়াই দিলে খাব।’
৭) ‘আব্বা, তুমি আমার পাশে শুয়ে থাক।’
‘কেন, আম্মা?’
‘ভয় লাগে।’
‘কেন ভয় লাগে?’
‘মনে হয় তোমার অভ্যাস পাইছি। ছোটবেলায় আমি পাশে না শুইলে তুমি ভয় পাইতা।’
#আসুন মায়া ছড়াই