দেশে চলমান সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধানমন্ত্রী কী ভাবছেন, তা জানতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংলাপের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়ে দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্য গড়তে হলে এর সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই তাতে সাড়া দেওয়া উচিত। তারা জানতে চান, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান।
তিনি বলেন, জাতীয় ঐক্যের জন্য স্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার প্রয়োজন। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে ঐক্যপ্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে।
জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক বিষয়গুলোতে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই জাতীয় ঐক্য সম্ভব। নাহিদ ইসলাম আরও বলেন, প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। এমন পদক্ষেপ নেওয়া হলে জনগণ এবং রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।