আমদানি-রপ্তানিসহ সব ধরনের আন্তঃসীমান্ত বাণিজ্যিক লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য বিশেষ সেল বা ইউনিট গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সদস্যপদ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এফইপিডি-২ (FEPD-2) সার্কুলার লেটার নং ০৩ জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলারদের (এডি) বাণিজ্য-সংশ্লিষ্ট লেনদেনের মধ্যে আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেন অন্তর্ভুক্ত। এসব লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য একটি সুনির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।
এ ছাড়া আন্তঃসীমান্ত লেনদেনে পণ্যের মূল্য প্রতিযোগিতামূলক ও যৌক্তিক কি না, তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সদস্যপদ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে নিজস্ব কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী ও উপযুক্ত প্ল্যাটফর্ম বেছে নিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, আমদানিযোগ্য পণ্যের ঋণপত্র (এলসি) খোলার আগে অথবা আমদানি প্রক্রিয়া শুরুর পূর্বে আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্য যাচাইয়ের বিষয়ে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর পার্ট-এ-এর ৭(২) অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। নতুন নির্দেশনাগুলো আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এ সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সেল বা ইউনিট গঠন, মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সদস্যপদ গ্রহণ এবং আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।