দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সময়ে আট জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা-সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নদী-সংলগ্ন নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।