ভারতের নির্বাচনকে দেশটির সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গে যে দলই সরকার গঠন করুক না কেন, এর ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেখুন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।”
দেশের পররাষ্ট্রনীতির মূলভিত্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।”
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৪ মে) দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।