• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকারের কার্যক্রমকে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

তিনি বলেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট—সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই অগ্রগতি সুযোগ তৈরি করলেও সাইবার হুমকিও বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে মন্ত্রী তিনটি অগ্রাধিকার তুলে ধরে বলেন, ‘দেশের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী কোনো সংযোজন হিসেবে নয়, বরং অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ লক্ষ্যে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’

তিনি সেমিনারের ফলাফল বাস্তবায়নে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে স্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান এবং সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা আজ অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিক তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ফলে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সাইবার অপরাধীদের প্রতিহত করতে হলে আমাদেরও একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে।

প্রয়োজনীয় টুলস ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণদের মেধার সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমেই আমরা একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এছাড়া এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সিইআরটি/সিএসআইআরটি-জিআই কার্যক্রম, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।

দুই দিনব্যাপী এ সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সেমিনারটি নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category