অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরায় অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জামায়াত আমির বলেন, ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্যবৃন্দ, ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা; সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদের সবাইকে একই টেবিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি সুদূর বাংলাদেশ থেকে আগত একজন অতিথির জন্য শনিবারের এই দুপুরের মূল্যবান সময়টুকু বরাদ্দ করায় আপনাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ’
তিনি আরও বলেন, ‘আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনারা বিভিন্ন মুসলমান কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এজন্য আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলমান কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’
এসময় তিনি মুসলমান কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।