• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : মীর শাহে আলম যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ওসি বদলি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রিজভী নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক

এনভিডিয়া বসের প্রেমিকাকে ঘিরে গুপ্তচরবৃত্তির সন্দেহ বিশ্বজুড়ে তোলপাড়

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

একদিকে স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও এআই চিপ নির্মাণপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। অন্যদিকে তার প্রেমিকা চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে উঠেছে সরাসরি বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। আর এই ব্যক্তিগত বিশ্বাসভঙ্গ ও চরবৃত্তির অভিযোগের ঘূর্ণিপাকে সাড়ে চার ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া; যেটি কিনা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি ও এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি। শীর্ষ নির্বাহীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনা বান্ধবীর বিরুদ্ধে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়ার সন্দেহ এখন শুধু করপোরেট স্ক্যান্ডাল নয়, রূপ নিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তার গভীর উদ্বেগে।

বিতর্কের মুখে জেনসেনের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে অ্যালিসকে জড়িয়ে ওঠা চরবৃত্তির এ দাবিকে ভিত্তিহীন অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। তবে ওয়াশিংটনের অস্বস্তি কাটেনি। জাতীয় নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে এনভিডিয়া প্রধানের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত তলব করেছেন মার্কিন কংগ্রেসের তিন প্রভাবশালী কমিটির চেয়ারম্যান। ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে সামনে এসেছে বড় এক ভূরাজনৈতিক প্রশ্ন—উন্নত এআই চিপের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন স্নায়ুযুদ্ধ কি তবে ঢুকে পড়েছে প্রযুক্তিবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির অন্দরমহলেও? সেই দোলাচলে পুঁজিবাজারেও নেমেছে বড় ধস, তীব্র দরপতনের মুখে পড়েছে এনভিডিয়ার শেয়ার।

এ তোলপাড়ের কেন্দ্রে অ্যালিস হুয়াং। প্রযুক্তি ব্যবসায়ীদের আড্ডায় জেনসেনের পাশে দেখা যাওয়া এ নারী কি শুধুই তার প্রেমিকা, নাকি ব্যবসা ও ঘনিষ্ঠতার আড়ালে বেইজিংয়ের জন্য তথ্য সংগ্রহ করছিলেন? মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন নিয়ে প্রকাশিত সংবাদে দ্বিতীয় অভিযোগটিই উঠে এসেছে। সত্য খুঁজতে তদন্তে নেমেছে এনভিডিয়া। আর অ্যালিসকে ঘিরে রহস্যের সঙ্গে জড়িয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলারের চিপ ব্যবসা এবং এআইয়ে শ্রেষ্ঠত্বের লড়াই।

তবে পুরো ঘটনা বুঝতে ফিরে যেতে হবে দুই বছর আগে। ২০২৪ সালের জুনে তাইপের একটি পানশালায় প্রযুক্তি খাতের নির্বাহীদের সঙ্গে আড্ডায় তাদের পাশাপাশি বসতে দেখা যায়। এরপর ২০২৫ সালের মে মাসে তাইপের এক রেস্তোরাঁয় প্রযুক্তি ব্যবসায়ীদের নৈশভোজে। অতিথিদের মধ্যে ঘুরছেন চামড়ার জ্যাকেট পরা জেনসেন হুয়াং। তার পাশে গোলাপি পোশাকে এক নারী। একপর্যায়ে জেনসেনের গালে চুমু খেলেন তিনি। অনুষ্ঠান শেষে দুজন বেরিয়ে গেলেন একই গাড়িতে। বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল দৃশ্যগুলো। ২০২৫ সালের মে মাসের সেই সন্ধ্যা এখন ফিরে এসেছে সম্পূর্ণ ভিন্ন তাৎপর্য নিয়ে। নারীটি অ্যালিস হুয়াং; যার সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সম্পর্ক ঘিরে ব্যক্তিগত বিশ্বাস ভঙ্গ, করপোরেট জবাবদিহি ও আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ এক জায়গায় এসে মিলেছে।

মূলত গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ঘটনাটি নতুন মোড় নেয়। সেখানে অ্যালিসের বিরুদ্ধে বেইজিংকে তথ্য সরবরাহ এবং উন্নত চিপের ওপর মার্কিন বিধিনিষেধ এড়াতে সহায়তার অভিযোগ উঠে আসে। পরবর্তী প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাকে জেনসেন সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োগ করেছিল। বিষয়টি তাই সম্পর্কের খবরের সীমা ছাড়িয়ে পৌঁছে যায় এআই যুদ্ধ ও ভূরাজনীতির অঙ্গনে।

অক্টোবরের শেষ দিকে জেনসেন তার সঙ্গে অ্যালিসের যোগাযোগকে মেগাস্পিডের ব্যবসাসংশ্লিষ্ট এবং স্বাভাবিক বলে বর্ণনা করেছিলেন। কিন্তু গত রোববার কর্মীদের পাঠানো বার্তায় তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেন। নিজের আচরণে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন এবং সম্পূর্ণ দায় গ্রহণ করেন। অবশ্য ওই বার্তায় অ্যালিসের নাম বা সম্পর্কের বিস্তারিত উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে এনভিডিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের কথা জানান।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদও স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় খতিয়ে দেখবে, জেনসেন বিদেশী গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কিনা। কোম্পানি জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কারণ তাদের কাছে নেই।

ঘটনাটি নিয়ে প্রকাশ্যে জেনসেনের প্রতি আস্থা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অভিযোগ নিয়ে জেনসেনের সঙ্গে তার কথা হয়নি।’ তবে তাকে সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রের জন্য তার অবদানের প্রশংসা করেন। জেনসেনের বক্তব্য শোনা প্রয়োজন বলেও মন্তব্য করেন ট্রাম্প। আসন্ন এশিয়া সফরে এনভিডিয়ার প্রধানকে সঙ্গে নেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিশ্চিত নয়, তবে সঙ্গে নিতে তার আপত্তি নেই।

বেইজিংয়ের প্রতিক্রিয়াও স্পষ্ট। গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াখুন অভিযোগকে অপ্রমাণিত এবং চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তোলা বলে মন্তব্য করেন। ওয়াশিংটনে অবশ্য উদ্বেগ কমেনি। প্রতিনিধি পরিষদের তিন রিপাবলিকান কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট, জন মুলেনার ও রিক ক্রফোর্ড ১৮ নভেম্বর জেনসেনের কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন। তাদের প্রশ্ন, সংবেদনশীল মার্কিন প্রযুক্তি ও তথ্যে চীনের প্রবেশাধিকারের কারণে জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকিতে পড়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তি বিশ্বে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক নতুন নয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি যখন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক উত্থানের অন্যতম মুখ, তখন তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রভাবও বহুদূর পৌঁছায়। জেনসেনের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা মানে শুধু একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে তথ্য কেন্দ্রে বিপুল বিনিয়োগ, উন্নত চিপ সরবরাহ এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই। ফলে আপাতদৃষ্টিতে ব্যক্তিগত একটি ঘটনা এখন ওয়াশিংটন, বেইজিং ও আন্তর্জাতিক পুঁজিবাজারের আলোচ্য বিষয়।

বিতর্কের কেন্দ্রে থাকা অ্যালিস সম্পর্কে নিশ্চিত তথ্য অবশ্য সীমিত। হুয়াং লে নামেও পরিচিত এ চীনা নাগরিক সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক শীর্ষ নির্বাহী। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস ভালো ইংরেজি বলেন এবং বৈশ্বিক এআই চিপ শিল্পের শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ রয়েছে। প্রভাবশালী নির্বাহীদের সঙ্গে ব্যবসায়িক ও সামাজিক পরিসরে তার উপস্থিতির তথ্য পাওয়া গেলেও নিজের জীবন সম্পর্কে প্রকাশ্যে খুব কম তথ্যই রেখেছেন তিনি।

চীনা একটি বিনিয়োগ তথ্যভাণ্ডারে পাওয়া জীবনবৃত্তান্ত তার পেশাগত যাত্রার বিচিত্র ছবি তুলে ধরে। সেখানে হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রতিবেদক হিসেবে কাজ করার উল্লেখ রয়েছে। ব্যাংক খাতে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী এবং পরে সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হওয়ার তথ্যও এসেছে। সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও তার নাম পাওয়া যায়।

অ্যালিসের ব্যবসায়িক পরিচয়ের তুলনামূলক স্পষ্ট অংশ মেগাস্পিড। করপোরেট নথির বরাতে সিএনএ জানিয়েছে, ২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। তখন সেভেনরোড ইন্টারন্যাশনাল নাম বদলে মেগাস্পিড ইন্টারন্যাশনাল হয়। একই বছরের নভেম্বরে পরিচালকের পদ থেকে সরে যান অ্যালিস। প্রতিষ্ঠানটি অন্য কোম্পানিকে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়। নিজেদের ওয়েবসাইটে মেগাস্পিড এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার কম্পিউটিং ক্লাউড ব্যবসার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পরিচয় দিয়েছে।

এ প্রতিষ্ঠানের বিপুল কেনাকাটাই ঘটনাটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে। অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির কার্যক্রম খতিয়ে দেখছে—চীনে সরাসরি রফতানি নিষিদ্ধ উন্নত চিপ পাওয়ার ক্ষেত্রে এটি বেইজিংকে সহায়তা করেছে কিনা, সেই সন্দেহে। ব্যবসার আকার এবং অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক মিলে প্রশ্ন উঠেছে, বাণিজ্যিক যোগাযোগের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল কিনা।

বাজারেও এর প্রভাব দৃশ্যমান। গতকাল ফ্রাঙ্কফুর্টের লেনদেনে এনভিডিয়ার শেয়ার ৬ শতাংশের বেশি পড়ে যায়। দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত সফর বাতিল করেন কোম্পানির নির্বাহী ও জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং। বিশ্লেষকদের আশঙ্কা, তদন্ত দীর্ঘ হলে বিনিয়োগের সিদ্ধান্ত বা নতুন পণ্য আনার সময়সূচিতে বিলম্ব হতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, চুক্তিবদ্ধ চিপ সরবরাহে বিঘ্নের আশঙ্কা করছে না তারা।

ঘটনার বৃহত্তর পটভূমিতে রয়েছে এআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির প্রতিযোগিতা। উন্নত চিপের নাগাল সীমিত করতে ২০২২ সাল থেকে চীনের ওপর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করেছে ওয়াশিংটন। সেই ব্যবস্থার কার্যকারিতা, এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থ এবং জেনসেনের ব্যক্তিগত যোগাযোগ এখন একই বিতর্কে জড়িয়েছে। অ্যালিস কোথায় আছেন, তা জানতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category