• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : মীর শাহে আলম যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ওসি বদলি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রিজভী নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক

ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আলোচনায় দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন রাষ্ট্রদূত। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category