• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার জুনিয়র। এবার সেই সিদ্ধান্তই আরও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে সান্তোস। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ব্রাজিলের জার্সিতে তার সময় শেষ হয়ে গেছে এবং আর জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই।

তিনি বলেন, ‘আমার মনে হয় জাতীয় দলের সঙ্গে আমার সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। সেখানে আমি ইতিহাস গড়েছি, যা নিয়ে আমি খুবই সুখী। জাতীয় দলের জন্য আমি অনেক কিছু দিয়েছি, নিজের রক্ত-ঘাম, জীবন সব উজাড় করে খেলেছি। হলুদ জার্সির জন্য সবসময় লড়েছি। কিন্তু এখন আর সেখানে ফিরতে চাই না।’

বিশ্বকাপের শেষ ষোলোতে ৬ জুলাই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সম্প্রচারমাধ্যম গ্লোবো স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারেও জাতীয় দলের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ।’

পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন নেইমার। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের এত প্রাথমিক পর্যায় থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে ষষ্ঠ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হয় সেলেসাওদের।

জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। ক্লাব ক্যারিয়ারে সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে অসংখ্য সাফল্য পেলেও ব্রাজিলের জার্সিতে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ।

১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই শেষ হতে যাচ্ছে নেইমারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category