অক্টোবর ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ১৫ নভেম্বর ছিল রিটার্ন জমার শেষ দিন। বাড়ানো সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো জরিমানা দিতে হবে না।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, অতিরিক্ত চাপ ও সার্ভার জটিলতায় ১৫ নভেম্বরের মধ্যে অনেক করদাতা রিটার্ন দাখিল করতে পারেননি। এ পরিস্থিতিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একযোগে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপধারা (২)-এর ক্ষমতাবলে রিটার্ন জমার সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।