বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে নির্ধারিত গেট ব্যবহার, পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং প্রয়োজনে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত করতে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য ৩ নম্বর মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। আর প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।
এ ছাড়া আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের সময় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন মনে করলে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবেন। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।