দেশের সরকারি হাসপাতালগুলো মানুষের জীবন বাঁচানোর আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার চরম অভাবে সেগুলো এখন রোগ সংক্রমণের অন্যতম উৎসে পরিণত হয়েছে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর শৌচাগার ও মেঝের বেহাল দশা নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) মতো দেশের শীর্ষস্থানীয় সাতটি চিকিৎসা প্রতিষ্ঠানের মেঝে ময়লা-আবর্জনায় সয়লাব, নালা বন্ধ হয়ে নোংরা পানি জমে আছে এবং করিডোরগুলো অপরিচ্ছন্ন। কর্তৃপক্ষ বরাবরের মতোই অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটের অজুহাত দাঁড় করালেও এই চরম অব্যবস্থাপনা রোগী ও তাদের স্বজনদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
প্রতিবেদনে দেখা গেছে, অনেক শৌচাগারে নিয়মিত পানি সরবরাহ, সাবান কিংবা বদনার মতো ন্যূনতম সুবিধাও নেই। ঢাকা শিশু হাসপাতালের একটি ব্লকে মাত্র দুটি শৌচাগার থাকায় সেগুলো ব্যস্ত থাকলে শিশুরা ভেতরের খোলা জায়গাই ব্যবহার করতে বাধ্য হয়। অপর্যাপ্ত বায়ু চলাচল ও হাত ধোয়ার ব্যবস্থার অভাবে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা রোগীদের জন্য এক নরকযন্ত্রণায় পরিণত হয়েছে। এ চিত্র যে নতুন নয়, তার প্রমাণ মেলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ২০২৩ সালের একটি গবেষণায়। ঢাকার ১২টি সরকারি ও বেসরকারি হাসপাতালের ২ হাজার ৪৫৯টি শৌচাগার জরিপ করে দেখা গেছে, সরকারি হাসপাতালের ৬৮ শতাংশ শৌচাগার সচল থাকলেও মাত্র ৩৩ শতাংশ পরিচ্ছন্ন রয়েছে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী শৌচাগার রয়েছে ১ শতাংশেরও কম এবং মাসিককালীন বর্জ্য ফেলার পাত্র রয়েছে মাত্র ৩ শতাংশ শৌচাগারে।
হাসপাতালগুলোতে শৌচাগারের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ওয়াটারএইডের মানদণ্ড অনুযায়ী প্রতি ২০ থেকে ২৫ জন বহির্বিভাগের রোগীর জন্য একটি শৌচাগার থাকার কথা থাকলেও সরকারি হাসপাতালে ২১৪ জনের জন্য রয়েছে মাত্র একটি। আবার জাতীয় মানদণ্ডে প্রতি ছয় শয্যার বিপরীতে একটি শৌচাগার থাকার কথা থাকলেও বাস্তবে ১৭ জন ভর্তি রোগীর জন্য রয়েছে একটি শৌচাগার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের এক শিক্ষকের মতে, হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ সংক্রমণ ছড়িয়ে পড়া ও ক্রস-কন্টামিনেশনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের বক্তব্য অনুযায়ী, ৪০ থেকে ৫০টি শৌচাগারের জন্য মাত্র ৪ থেকে ৫ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন, যাদের অধিকাংশই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। এতে স্পষ্ট হয় যে সরকার সমস্যাটি সম্পর্কে পুরোপুরি অবগত থাকলেও দীর্ঘদিনের এই শোচনীয় অবস্থার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
চিকিৎসা নিতে এসে রোগীরা যাতে নতুন কোনো জীবাণুতে আক্রান্ত হয়ে ঘরে না ফেরেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কেবল জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সরকারকে অবিলম্বে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার ত্রুটিগুলো দূর করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, পর্যাপ্ত জীবাণুনাশক ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং শৌচাগার ও মেঝের নিয়মিত রক্ষণাবেক্ষণে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি হাসপাতাল ব্যবহারকারীদের মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি। যে হাসপাতালগুলো নিজেরাই আজ ‘অসুস্থ’ হয়ে পড়েছে, সেগুলোকে সুস্থ ও জীবাণুমুক্ত করে তোলাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।