• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

উন্নত বিশ্বের আদলে ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা পোষণ করে না; বরং একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বাস্তবতায় তথ্যপ্রবাহ ও জবাবদিহির বাইরে থাকা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিয়ে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি। সরকার গণমাধ্যম ইকো-সিস্টেমে কোনো ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় না, বরং একটি অংশীদার হিসেবে সবার সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে আগ্রহী।

উন্নত দেশগুলোর উদাহরণ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, সেই সব দেশে তথ্য মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণের পরিবর্তে একটি স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয়। বাংলাদেশেও সেই ধরনের একটি আধুনিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে পত্রিকার সার্কুলেশন কিংবা টেলিভিশনের দর্শকসংখ্যার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকায় সঠিক নীতিনির্ধারণে সমস্যা হচ্ছে। এই সংকট কাটাতে সরকার এখন যৌথ গবেষণা, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং তথ্যভিত্তিক নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও জানান, এই নতুন উদ্যোগের ফলে বিজ্ঞাপন খাত ও রাজস্ব ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ব্যক্তিগত গোপনীয়তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি সতর্ক করেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুসহ গণমাধ্যম ও সম্প্রচার খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও স্বাধীন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category