• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক

ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। সভা-সমাবেশ, শোভাযাত্রা ও পাড়া-মহল্লাভিত্তিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের ব্যস্ত রাখার পরিকল্পনা করছে দলটি। শিগগিরই এসব কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে বিএনপি। এ সময়ে সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদেরও মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে সম্প্রতি জাতীয় সংসদে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নাম প্রকাশ না করার শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নাশকতা প্রতিরোধে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চাওয়া হবে। তবে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের ছাড় দেওয়া হবে না বলে দলটির অবস্থান।

প্রশাসন থাকবে কঠোর অবস্থানে, মাঠে সক্রিয় বিএনপি

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এরই মধ্যে পাড়া-মহল্লায় নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে বিএনপি তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে। প্রয়োজনে রাজনৈতিকভাবেও অপশক্তি মোকাবিলা করবে দলটি।

গত ১২ নভেম্বর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিরোধ করবে। জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

ওই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। ’

প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য

নাম প্রকাশ না করার শর্তে সরকার ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের ধারণা, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন না। বরং এ ঘোষণার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। সম্ভাব্য নাশকতা মোকাবিলায় প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়ার চিন্তাও রয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তবে শফিকুর রহমান বলেন, সরকার ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না। তারা নিজেদের অবস্থান অনুযায়ী কাজ করবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে। ’

ডিসেম্বরজুড়ে যেসব কর্মসূচির পরিকল্পনা

বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত ৯ নভেম্বর নয়াপল্টনে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আলোচনা সভা, পাড়া-মহল্লায় কর্মসূচি, শোভাযাত্রা ও সমাবেশ থাকতে পারে।

ওই সাংগঠনিক সম্পাদক জানান, কর্মসূচির বিষয়ে শিগগিরই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category