• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নিজের বেতন নিজেই মেটান ভিনি!

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বল পায়ে যে কোনো রক্ষণের জন্যই আতঙ্ক ভিনিসিয়ুস জুনিয়র। মাঠের বাইরের এক সমীকরণে আলোচনায় এই ফরোয়ার্ড। যাকে বলা যায় নিখুঁত এক ব্যবসায়িক বিনিয়োগ! স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের প্রতিবেদন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি নবায়নে রীতিমতো উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। কারণটাও দারুণ—নিজের ইমেজ রাইটস বা ভাবমূর্তি থেকে পাওয়া লাভের কারণে ২৫ বছর বয়সি এই তারকা নাকি ‘নিজের বেতন নিজেই মেটান’!

২০১৭ সালের গ্রীষ্মে যখন ফ্ল্যামেঙ্গো থেকে মাত্র ৪ কোটি ৫০ লাখ ইউরোতে ভিনিসিয়ুসকে সান্তিয়াগো বার্নাব্যুতে উড়িয়ে আনা হয়েছিল, তখন অনেকেই চোখ কপালে তুলেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই চুক্তি সফল দলবদল হিসেবে প্রমাণিত হয়েছে। রিয়ালের হয়ে এরই মধ্যে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল ও ৮৫টি অ্যাসিস্ট নামের পাশে। শেষ দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম রূপকার।

তবে রিয়াল মাদ্রিদ কেন তার চুক্তি দ্রুত নবায়ন করতে চাইছে? এএসের মতে, মূল চালিকাশক্তি স্রেফ মাঠের পারফরম্যান্স নয়, বরং তার বাণিজ্যিক ও বিপণন মূল্য। ২০২২ সালের চুক্তি নবায়নের সময় থেকে ভিনিসিয়ুসের ইমেজ রাইটসের প্রায় ৫০ শতাংশের মালিক রিয়াল মাদ্রিদ। যার ফলে ভিনিকে দেওয়া বিশাল অংকের বেতনের বড় একটি অংশ তার ইমেজ রাইটস থেকেই তুলে নিচ্ছে ক্লাবটি।

ভিনিসিয়ুসের ক্যারিয়ার ব্যবস্থাপনা সংস্থা ‘রক নেশন স্পোর্টস ব্রাজিলের’ সিইও ফ্রেদেরিকো পেনা বিষয়টি পরিষ্কার করে বলেছেন, ‘ভিনিসিয়ুসের প্রতি বড় বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তরুণ হলেও সে বিশ্বসেরা ক্লাব ও দেশের প্রধান খেলোয়াড়, দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এবং ক্রীড়াজগতে অধ্যবসায়ের এক বড় প্রতীক।’

মার্কেটিং জগতে ভিনিসিয়ুসের প্রভাব দারুণ। গত বিশ্বকাপে ১৬টি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে পৃষ্ঠপোষকতার চুক্তি ছিল তার, যা ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে নেইমারের (২০টি) পর দ্বিতীয় সর্বোচ্চ। ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর পর তার বিভিন্ন বাণিজ্যিক কনটেন্ট বিশ্বজুড়ে ১০০ কোটিরও (১০০ মিলিয়ন) বেশি বার দেখা হয়েছে।

ভিনিসিয়ুস এখন একাই যেন আস্ত এক প্রতিষ্ঠান! পেনা প্রকাশ করেছেন, ভিনিসিয়ুসের পেশাদার জীবনের আর্থিক, প্রশাসনিক, আইনি ও বিপণন কৌশল পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো রয়েছে। যেখানে একজন সিইও, অর্থ পরিচালকসহ বেশ কয়েকটি আলাদা বিভাগ কাজ করছে। এছাড়া শিশুদের উদ্ভাবনী শিক্ষায় কাজ করা তার নিজস্ব দাতব্য সংস্থাও বিশ্বজুড়ে সমাদৃত।

এর পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুসের বলিষ্ঠ ও আপসহীন অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞেরা। বর্ণবাদবিরোধী লড়াইয়ের এই মুখপাত্রের চরিত্র তাকে বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। যা মাঠে ও মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের জন্য তার বিপণন মূল্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। বার্নাব্যুর কর্তারা ভালো করেই জানেন, মাঠে ট্রফি এনে দেওয়ার পাশাপাশি গ্যালারির বাইরে যে ব্র্যান্ড ভ্যালু ভিনি তৈরি করেছেন, তা স্রেফ কোনো ফুটবলারের গল্প নয়—এক সফল দীর্ঘমেয়াদি বিনিয়োগের গল্প!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category