প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবপোর্টালে চলে আসার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েবপোর্টালে আপলোড করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ কারণে রাষ্ট্রপতির আদেশক্রমে মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
এর আগে একই ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।