বেআইনী ভোট দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক আদালতে এক বাংলাদেশীর বিরুদ্ধে যৌথভাবে এক অভিযোগপত্র জমা দিয়েছে স্থানীয় অ্যাটর্নি অফিস ও এফবিআই। মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে ওই বাংলাদেশী দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থান করছেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়।
মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট জিমি পল যৌথভাবে এক ঘোষণায় এ অভিযোগপত্র জমা দেয়ার কথা জানান।
অভিযোগপত্রে বলা হয়, হাচিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এর পরেও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেস (সিনেট ও প্রতিনিধি পরিষদ) নির্বাচনে ভোট দেন।
এ ঘটনার বিষয়ে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, অভিযোগপত্র জমা দেয়া মানেই অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়া নয়। ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।
দোষী সাব্যস্ত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল আদালতে বিচার হওয়া অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজার মাত্রা হয় আইনে নির্ধারিতের চেয়ে কম।