• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

বোমা-বারুদের অপরাজনীতি ও নাগরিকের নিরাপত্তা: দায়হীনতার অবসান ঘটবে কবে

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজনীতি মানুষের অধিকার আদায়ের পথ তৈরি করে, নাগরিকের জীবন ও সম্পদকে বিপন্ন করার জন্য নয়। অথচ দেশে আবারও ফিরে আসছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও প্রাণঘাতী ধ্বংসযজ্ঞের এক অমানবিক দুঃস্বপ্ন। সম্প্রতি পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ ও ভাঙচুর, রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণ এবং ফরিদপুরে গাড়িতে দেওয়া আগুনে ঘুমন্ত এক বাসচালকের মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকে নতুন করে আতঙ্কিত করে তুলেছে। রাজনৈতিক বিরোধের নির্মম মূল্য এভাবে সাধারণ মেহনতী মানুষকে জীবন দিয়ে শোধ করতে হবে কেন, সেই মৌলিক প্রশ্নের উত্তর আজ রাষ্ট্র ও রাজনীতিকদের দিতেই হবে। সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থা এসব নাশকতার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর দিকে অভিযোগের তির ছুড়ছে। কিন্তু রাজনৈতিক বক্তব্য আর আদালতে অপরাধ প্রমাণ কখনোই এক বিষয় নয়। নিরপরাধ কাউকে যাতে হয়রানি না করা হয়, সেদিকে যেমন সজাগ থাকতে হবে, তেমনই রাজনৈতিক পরিচয়ের আড়ালে প্রকৃত অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায়, তা প্রমাণভিত্তিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নিশ্চিত করতে হবে।

এখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সাম্প্রতিক নাশকতা সামলাতে সরকারের আংশিক ব্যর্থতার কথা দায়িত্বশীল পর্যায় থেকে স্বীকার করা হলেও কেবল ব্যর্থতা স্বীকার করাই যথেষ্ট নয়। প্রশ্ন উঠেছে, দেশজুড়ে পুলিশ ও বিশেষায়িত গোয়েন্দা সংস্থার এত তৎপরতার পরও কীভাবে জনবহুল এলাকায় একের পর এক বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটছে। দাহ্য পদার্থ সংগ্রহ, ককটেল প্রস্তুত কিংবা লোক জড়ো করে নাশকতা চালানোর পরিকল্পনা কি গোয়েন্দা নজরদারির সম্পূর্ণ বাইরে ছিল। ঘটনা ঘটার পর চেকপোস্ট বসানো আর অভিযানের খতিয়ান দেওয়ার চেয়ে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিহত করাই রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। আগাম তথ্য না পাওয়া গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা, আর তথ্য পেয়েও প্রতিরোধ করতে না পারা প্রশাসনিক দুর্বলতা। এই দুই ক্ষেত্রেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করা একান্ত জরুরি। তবে নিরাপত্তার অজুহাতে বিরোধী মত দমন বা নির্বিচারে গণগ্রেপ্তার কোনো টেকসই সমাধান আনবে না, বরং তা জনমনে নতুন ক্ষোভেরই জন্ম দেবে।

একই সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের সুবিধাবাদী দ্বিচারিতা আজ বড় বেশি স্পষ্ট হয়ে উঠেছে। রাজপথে সরকারের সমালোচনা, সভা-সমাবেশ কিংবা শান্তিপূর্ণ মিছিল প্রতিটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। কিন্তু প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া, জরুরি অ্যাম্বুলেন্স আটকে রাখা কিংবা রাজপথে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না, তা স্পষ্টতই দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। নিজের দলীয় ক্যাডাররা সহিংসতা ঘটালে তাকে ‘আন্দোলনের উত্তাপ’ আর রাজনৈতিক প্রতিপক্ষ করলে তাকে ‘নাশকতা’ আখ্যা দেওয়ার সংকীর্ণ সংস্কৃতি সুস্থ রাজনীতির পরিপন্থী। সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও স্বাভাবিক জীবিকা পঙ্গু করে কোনো দল কখনো জনগণের প্রকৃত সমর্থন আদায় করতে পারেনি। যারা মনে করেন জনপদে বিশৃঙ্খলা আর ভীতি ছড়িয়ে রাষ্ট্রকে কোণঠাসা করা যাবে, তারা ভুলে যান যে এই ধ্বংসযজ্ঞের আগুনে মূলত পুড়ে ছাই হচ্ছে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং খেটে খাওয়া সাধারণ মানুষের বেঁচে থাকার স্বপ্ন।

বাস্তবতা হলো, দেশের সামষ্টিক অর্থনীতি এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, রাজস্ব ঘাটতি ও বেসরকারি বিনিয়োগ স্থবিরতার চরম সংকটে রয়েছে। এমন স্পর্শকাতর মুহূর্তে নতুন করে রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল। একটি গণপরিবহন পুড়লে শুধু একটি গাড়ির ক্ষতি হয় না, এর সাথে জড়িত চালক, হেলপার, সাধারণ যাত্রী এবং পণ্য সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েন। সাধারণ দিনমজুর বা কর্মজীবী মানুষের জীবন কোনো রাজনৈতিক দলের পেশিশক্তি প্রদর্শনের দাবার ঘুঁটি হতে পারে না। ক্ষমতার পালাবদল ইতিহাসের স্বাভাবিক নিয়ম হলেও রাজনীতির প্রধান ভাষা হতে হবে গঠনমূলক নীতি, সমঝোতা ও জনমত; বোমার বারুদ কিংবা রাজপথের আগুন নয়। সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে এই আত্মঘাতী সংঘাতের পথ পরিহার করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় এই সর্বনাশা আগুনের চরম খেসারত শেষ পর্যন্ত পুরো জাতিকেই দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category