জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, ভারত ইসরায়েলের মতো আচরণ করছে। একইসঙ্গে তিনি এসময় ভারতের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে কিভাবে আশ্রয় দেয় ভারত? ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশটি এমন কাজ কিভাবে করতে পারে?
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী বলছেন, বাংলাদেশকে ভারতের মানচিত্রের ভেতরে নিয়ে নেবে। এর প্রতিবাদ সরকার কেন করেনি?
জামায়াতের সেক্রেটারি জেনারেল গাজা ও মুসলমান বিশ্ব প্রসঙ্গে বলেন, মুসলমান দেশগুলো সমৃদ্ধশালী হওয়ার পরও গাজা ভূখণ্ডকে বাঁচাতে কেউ সাহায্য করল না। মুসলমান বিশ্বকে আমেরিকার টাকায়, আমেরিকার অস্ত্রে ইহুদিরা খণ্ডবিখণ্ড করবে। আমেরিকা সাম্রাজ্যবাদী শাসন কায়েম করবে।
তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলায় জামায়াত আমিরের সফরকে বিতর্কিত করার জন্য অস্ট্রেলিয়ার মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘কথিত লকডাউন’, সড়কের চিত্র নিত্য কর্মব্যস্ততা
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মানবতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই সন্ত্রাসীগোষ্ঠী বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানাতে চায়। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি এসময় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ঐক্য হবে, একটা ইস্যুতে নয়। জুলাই সনদের ভিত্তিতে হবে ঐক্য। সময় এসেছে ঐক্যের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করার।