• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

রাজধানীতে বাসে আগুন, কয়েক স্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে ও বাউন্ডারির ভেতরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। এ ছাড়া মালিবাগ ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ হয়েছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি ঘটনায়ই ককটেলগুলো ফ্লাইওভার থেকে ছোড়া হয়েছে। এতে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম গতকাল রাত ১১টার দিকে জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট রওনা হয়। তবে তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি। যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে থানার সামনে ও বাউন্ডারির ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে চারদিক ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দিগি¦দিক ছুটতে শুরু করেন। অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। এক প্রত্যক্ষদর্শী জানান, ককটেলে একজন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আহতের কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, ‘থানার প্রধান ফটকের সামনে ৪-৫টি এবং থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ককটেলগুলো হানিফ ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন প্রধান সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়ে মারে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে এটি ছুড়ে মারা হয়েছে। ফ্লাইওভারে সিসিটিভি ফুটেজ নেই। তারপরও আমরা আশপাশের ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি এবং ঘটনায় জড়িতদের  শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাত ৮টার দিকে মহাখালী আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনির বলেন, কিছু একটা বিস্ফোরণের খবরে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো নমুনা বা ককটেলের খোসা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পটকা জাতীয় কিছু ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category