ভয়াল সিডরের ক্ষত শুকায়নি ১৯ বছরেও। এর ওপর নতুন আতঙ্কে রয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর গ্রামের জেলেপল্লির বাসিন্দারা। পশুর নদীর ভাঙনে বসতভিটা হারানোর শঙ্কায় রয়েছেন তারা। পাশাপাশি রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। সব মিলিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে পাঁচ শতাধিক জেলে পরিবারের।
২০০৭ সালের ১৫ নভেম্বর। ভয়াল সেই রাতে সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় ঘরবাড়ি, বেড়িবাঁধ, ফসলি জমি ও বিভিন্ন অবকাঠামো। প্রাণ হারান হাজার হাজার মানুষ।
কানাইনগর গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম জানান, পশুর নদীর পাড়েই তাঁদের বাড়ি। সিডরের দিন ছেলে-মেয়েদের নিয়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন, ঘরবাড়ির কিছুই অবশিষ্ট নেই। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। থাকার বিকল্প জায়গা না থাকায় একই স্থানে আবার ঘর তুলে বসবাস শুরু করেন। তবে সেই ঘরও এখন নদীতে বিলীন হওয়ার পথে। একই গ্রামের বাসিন্দা জেলে মো. জবেদ আলী জানান, তাঁদের গ্রামে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে পান করতে হয়। সরকারি ন্যূনতম সুযোগ-সুবিধাও নেই। এর মধ্যে পশুর নদীর অব্যাহত ভাঙনে আবারও ঘরবাড়ি হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা। জবেদ আলীর দাবি, নদীভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
সিডরের ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় একই গ্রামের রিজিয়া বেগমকে। তিনি জানান, সিডরের সময় বাড়িতেই ছিলেন তিনি। ঝড়ে তাঁর ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তিনি সেখানে চাপা পড়েন। সকালে দেখেন, পশুর নদীতে লাশ ভাসছে। সিডরের পর তিন দিন পর্যন্ত নদী থেকে বিভিন্ন মানুষের লাশ উদ্ধার করা হয়। সেই ঘটনার ১৯ বছর পেরিয়ে গেলেও তাঁদের দুর্ভোগ কমেনি। বরং নদীভাঙনে প্রতিনিয়ত নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে তাঁদের জীবন-জীবিকা। দুর্যোগ মৌসুমে নিরাপদ আশ্রয় ও বসতভিটা রক্ষার চিন্তায় উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতে হয় তাদের।
নদীভাঙনে সম্প্রতি ঘর হারিয়েছেন একই গ্রামের বেলাল খাঁ। তিনি বলেন, কিছুদিন আগে তাঁর ঘরটি নদীতে ভেঙে গেছে। এখন নদী থেকেই মাটি কেটে একই স্থানে আবার ঘর তৈরি করছেন। তাঁদের আর কোনো জায়গা-জমি নেই। নদীর পাড়ে সরকারি জায়গায় বসবাস করেন তাঁরা। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পশুর নদীর ভাঙনে একসময় গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। তাই নদীভাঙন রোধ এবং বসতভিটা ও জনপদ রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য তাঁরা একটি প্রকল্প জমা দিয়েছেন। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে তাঁদের কোনো চলমান প্রকল্প নেই। কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু নদীতীর সংরক্ষণমূলক কাজ করে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
– ঢাকা স্ট্রিম