ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার (২২ মার্চ) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়। আদালতে তোলার আগে নিয়ম অনুযায়ী তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে আদালতে প্রবেশের মুহূর্তে প্রধান আসামি ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে, তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে এবং তিনি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত নন। অন্যদিকে, তার সহযোগী আলমগীর শেখ এ বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ এসটিএফ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে। এর আগে গত ২১ মার্চ এই মামলার আরেক অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩ এপ্রিল তাকে পুনরায় আদালতে তোলা হবে এবং জেল হেফাজত চলাকালীন এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে। শরিফ ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন এবং পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে সবার নজর বিধাননগর আদালতের রায়ের দিকে যে, ফয়সাল ও আলমগীরের পরবর্তী বিচারিক প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়।