ব্যবসায়ীদের দাবির মুখে বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে দোকান ও বিপণিবিতানগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী সংগঠনগুলো রাত ৮টা পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানায়। প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনা করে বিষয়টি পুনর্মূল্যায়ন করেছেন। বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবসায়ীদের স্বার্থ—উভয় দিক বিবেচনা করে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।”
তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস, ওষুধ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতার বাইরে থাকবে।
জ্বালানি তেলের সংকট নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “এপ্রিল মাসের চাহিদাপূরণের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। আমরা আমদানির জন্য ভালো কিছু উৎস পেয়েছি এবং আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বিশেষ করে সেচ মৌসুমে কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, ১ ঘণ্টা সময় বাড়ানোয় ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি ফিরবে এবং গ্রাহকরাও কেনাকাটার সুযোগ পাবেন।