• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বয়স যাদের ষাট: ১২টি পরামর্শ

বাদল সৈয়দ / ১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আপনার জীবন নামের ভ্রমণটি কি ৬০ নম্বর স্টেশন অতিক্রম করেছে?
যদি তাই হয়, ভেবে দেখি ৬০- এর পরের ভ্রমণটি কেমন হওয়া উচিত।
১) অযথা তর্ক করবেন না। যে সিদ্ধান্ত আপনার দেওয়ার দরকার নেই, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। দুটোই শরীর ও মনের উপর চাপ তৈরি করে।
২) কাউকে পরিবর্তন করার চেষ্টা না করাই ভালো। ষাটে এসে আপনার চিন্তাভাবনায় অনেক পরিবর্তন আসবে। কমবয়স্করা তার সাথে তাল মেলাবে—এটা আশা করা অন্যায়।
৩) পছন্দ না হলে হ্যাঁ বলবেন না। যার সাথে কথা বলে স্বস্তি পান না, তার সাথে মিশবেন না। এখন আপনার অন্যকে সন্তুষ্ট করার সময় নয়। নিজে শান্তিতে থাকার সময়।
৪) টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ ও বিষাক্ত কনটেন্ট এড়িয়ে চলুন। এ বয়সে অযথা মানসিক যন্ত্রণা ও রক্তচাপ বাড়ানোর কোনো মানে নেই।
৫) এসময় মাংসপেশী দুর্বল হতে শুরু করে। এর পরিণতি হচ্ছে শারীরিক জড়তা। তাই পেশীর যত্ন নিন।
৬) খুব সাবধানে থাকুন, যাতে পড়ে না যান। এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
৭) একা কোথাও যাবেন না। সঙ্গে কাউকে রাখুন। বাসায়ও একা থাকবেন না। এগুলো বিপজ্জনক।
৮) বয়সটা বিষণ্ণতার। যৌবনের স্মৃতি কাঁদায়। তাই আড্ডা দিন—গল্পগুজবে মেতে উঠুন।
৯) অনেকে ভাবেন, বুড়ো বয়সে আবার শখ কী? ধারণাটি ভুল। বরং এতদিন ব্যস্ততার কারণে যে শখগুলো পূরণ করতে পারেননি—সামর্থ্য থাকলে সেগুলো পূরণ করুন।
১০) টাকা-পয়সা সাবধানে খরচ করুন। আয় করার দিন সম্ভবত শেষ। কিন্তু বয়সকালে আর্থিক ক্ষমতা অনেক বড় শক্তি—অপ্রয়োজনীয় খরচ করে তা নষ্ট করবেন না।
১১) শরীর ও মস্তিষ্ক সচল রাখুন। নিয়মিত হাঁটুন। হালকা ব্যায়াম করুন। মগজ তাজা রাখার জন্য বই পড়ুন, পাজল সলভ করুন, ডায়েরি লিখুন। এগুলো না পারলে অন্তত বাজারে গিয়ে দরদাম করুন। এটাও মস্তিষ্কের ভালো ব্যায়াম।
১২) পর্যাপ্ত ঘুমান। ঘুম খুব দামি ওষুধ। নিয়মিত প্রার্থনা ও মেডিটেশনও এ বয়সে অনেক শান্তি দেয়।
ষাট মানে বুড়ো নয়- ষাট মানে বটগাছ হওয়া। ছায়াদানকারী বটবৃক্ষ হওয়া বিশাল সৌভাগ্য।
চলুন একটি কবিতা পড়ি—
‘ষাট হচ্ছে দীঘি এক
শান্ত টলটলে
ষাট হচ্ছে নতুন ভ্রমণ
জীবন ঝলমলে’
বেঁচে থাকলে দুবছর পর ষাট নম্বর স্টেশনে আপনার সাথে আমার দেখা হবে।
শ্রদ্ধা ও শুভকামনা।
#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category