দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবারও দেশের একই অঞ্চলগুলোতে প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১৮ জুলাই) থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন রাজশাহী ও ঢাকা বিভাগসহ দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার ও সোমবার (১৯ ও ২০ জুলাই) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার তা আবার সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।