ঢাকার গুলশানে টিওএস বন্ড নামের একটি মদের ওয়্যারহাউজে যৌথ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। অভিযানে আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম পাওয়ায় ওয়্যারহাউজটি সিলগালা করা হয়েছে। জানা গেছে, ওয়্যারহাউজটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং এসআরবির সমন্বয়ে গঠিত টিম রাজধানীর গুলশানে টিওএস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রতিষ্ঠানটির আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। পরবর্তীতে কাস্টমস আইন অনুযায়ী ওয়্যারহাউজটি সিলগালা করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, অভিযানে কর্মকর্তারা প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন। এ সময় সফটওয়্যারে এক্সবন্ড দেখানো হলেও বাস্তবে প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে থাকা ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ পাওয়া যায়। অর্থাৎ, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে বলে দেখানো হলেও সরেজমিনে সেগুলো প্রতিষ্ঠানের হেফাজতে পাওয়া যায়।
এছাড়া আমদানি করা ২,২৫০ কার্টন হেইনেকিন বিয়ার প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে গত ৩ সেপ্টেম্বর ইনবাউন্ড হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু যৌথ অভিযানে যাচাই করে দেখা যায়, উক্ত পণ্যগুলো প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে বাস্তবে পাওয়া যায়নি।
এছাড়া প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোরের মধ্যে দুটি ফ্লোরের কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য/অনুমোদন পাওয়া যায়নি।
এসব বিষয়ে অধিকতর যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এনবিআর।