• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ

বাদল সৈয়দ / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এক পরিচিত বয়স্ক ভদ্রলোক। বেশ সচ্ছল। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আমি তাঁকে দেখতে গেলাম। তাঁকে বেশ সুস্থ দেখাচ্ছে। কেবিনে সোফায় বসে টিভি দেখছেন। তাহলে শুধু শুধু হাসপাতালে পড়ে আছেন?
আমি জিজ্ঞেস করলাম, ‘আপনি কেমন আছেন?’
‘ভালো। আলহামদুলিল্লাহ। হাসপাতাল থেকে রিলিজ করে দিতে চাচ্ছে। আমি দুয়েক দিন পর যাব বলেছি।’
আমি অবাক হয়ে বললাম, ‘কেন? সুস্থ হলে এখানে থাকবেন কেন?’
তিনি অদ্ভুত একটি উত্তর দিলেন, ‘আশপাশের কেবিনের সামনে জুতো-স্যান্ডেলের স্তূপ দেখেছ?’
‘এ কথা কেন বলছেন?’
‘সব রোগীর দরজায় ভিড়। কারও ছেলেমেয়ে আসছে, নাতি-নাতনি আসছে, স্ত্রী পাশে বসে আছেন। কিন্তু আমার রুমের সামনে সম্ভবত তোমার ছাড়া কারও জুতো নেই। ওরা সবাই পরিবারের কাছে ফিরে যাবে। আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই। বিয়েই করিনি, থাকবে কোত্থেকে? ভাইবোন যারা ছিল, তারা বেশির ভাগ বিদেশে, অন্যরা ব্যস্ত। খালি ঘরে গিয়ে কী করব? তাই কয়েক দিন এখানে থাকতে চাইছি। মাঝে মাঝে ডাক্তার আসে, নার্সরা খবর নেয়। ভালোই লাগে।’
ভদ্রলোক চিরকুমার। আমি জানি না, তিনি কেন বিয়ে করেননি।
তবে ইদানীং আমি প্রচুর তরুণ-তরুণীকে দেখি বিয়ে-আতঙ্কে ভুগছে। মনোবিজ্ঞানে তীব্র বিয়েভীতি বোঝাতে ‘গ্যামোফোবিয়া’ শব্দটি ব্যবহৃত হয়।
কিন্তু এর কারণ কী?
ছয়টি সম্ভাব্য কারণ এবং সমাধান আমার মাথায় এসেছে। এগুলো লিখলাম। আপনি কি একমত কিনা জানাবেন।
১) মা-বাবার অসুখী দাম্পত্য জীবন।
এটা দেখতে দেখতে অনেকেই ভাবতে শুরু করেছে, বিয়ে মানেই অশান্তি। তাই বিয়ে করতে ভয় পান।
মা-বাবার সংসারে অশান্তি ছিল বলেই আপনার সংসারেও তা হবে, এমন নয়। তাঁদের ভুল থেকে শিক্ষা নিন। নিজের সংসারে সেগুলোর পুনরাবৃত্তি করবেন না।
২) স্বাধীনতা হারানোর ভয়।
অনেকেই নিজের মতো জীবনযাপনে অভ্যস্ত। তারা ভয় পায়, বিয়ে করলে এ স্বাধীনতা নষ্ট হয়ে যাবে।
স্বাধীনতা হারানোর ভয়ে বিয়ে না করা উচিত নয়। সংসার মানে পরাধীনতা নয়, বরং দুজনের নতুন জগৎ গড়ার স্বাধীনতা। এর স্বাদ অমূল্য।
নিঃসঙ্গ স্বাধীনতা একসময় অসহ্য মনে হতে পারে।
৩) দায়িত্ব নিতে ভয়।
বিয়ে করলে অনেক দায়িত্ব নিতে হয়। স্ত্রী, সন্তান এবং সংসারের অনেক দায়িত্ব। অনেকেই এ ঝামেলায় যেতে চায় না।
বিয়ে করে দায়িত্ব নেওয়ার ঝামেলার চেয়ে এর প্রতিদান অনেক বেশি। কারণ, একসময় এ পরিবারই হবে আপনার ভরসার জায়গা।
৪) অতীত বিচ্ছেদ।
হয়তো কারও সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। প্রেম ভেঙে গেছে। তাই একা থাকার সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদ বিয়ে না করার কারণ হওয়া উচিত নয়। কেউ চলে যাওয়া মানে নিজের জীবনের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আরেকজনকে ভালোবাসুন, বিয়ে করুন। হৃদয়ের ভালোবাসার ক্ষমতা অসীম। দেখবেন, নতুন জীবনসঙ্গীর জন্য কোমল মন ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
৫) খুঁতখুঁতে স্বভাব।
অনেকে জীবনসঙ্গী বাছাই করার ব্যাপারে অতিরিক্ত খুঁতখুঁতে হয়। তাই সিদ্ধান্ত নিতে পারে না। সময় গড়িয়ে যায়, বিয়ে করা হয় না।
দুনিয়ায় পারফেক্ট মানুষ নেই। আপনিও নন। পারফেক্ট পার্টনার পাবেন কই? পারফেকশনের বদলে মনের মিল খুঁজুন।
৬) আর্থিক অসংগতি।
আর্থিক অসংগতি থাকলে সংসার কীভাবে চালাবেন, তা ভেবে অনেকে বিয়ে করতে চান না।
পূর্ণ আর্থিক সক্ষমতা নিয়ে সবাই বিয়ে করতে পারে না। বরং বর্তমান সক্ষমতা নিয়ে বিয়ে করে দুজনে পরিকল্পনা করে চললে সমস্যা সামলানো সম্ভব। আপনার একই আয়ে অনেকেই সংসার করছেন। সচ্ছল সংসার শুরুতে হয় না, ধীরে ধীরে হয়।
হাসপাতালে ভদ্রলোকের কাছ থেকে বিদায় নেব, তখন তিনি বললেন, ‘স্পর্শ খুব মূল্যবান, বাদল। কেউ কোমল হাতে কারও হাত ধরছে, ছেলেমেয়েরা কাউকে জড়িয়ে ধরছে, নাতি-নাতনির হাত ধরে কেউ স্কুলে নিয়ে যাচ্ছে দেখলে ভাবি, খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে।’

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category