• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে এবং কার্যকর করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা : সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়া শুধু ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, বরং তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগানো জরুরি।

রুহুল কবির রিজভী বলেন, দেশের নাগরিকদের এনআইডিসহ ব্যক্তিগত তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। উপযুক্ত আইনগত সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু একজন নাগরিকের গোপনীয়তার লঙ্ঘন নয়, এর সঙ্গে দেশের সামরিক ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এনআইডির তথ্য অন্য দেশের হাতে চলে গেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন অনেকে। বিদেশেও অসংখ্য মেধাবী বাংলাদেশি রয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এসব দক্ষ ও মেধাবী মানুষকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তায় নিজেদের সক্ষমতা গড়ে তোলা।

তিনি বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু নৈতিকতা ও যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এই প্রযুক্তিই সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপকে অনেকে সবচেয়ে নিরাপদ যোগাযোগমাধ্যম মনে করেন। কিন্তু এরপরও বিভিন্ন সময় ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথোপকথনে অন্য কারও হস্তক্ষেপের অধিকার নেই। এটি মানবাধিকারের পরিপন্থী।

তিনি বলেন, প্রযুক্তি যেমন মানুষের সামনে বিশ্বকে উন্মুক্ত করেছে, তেমনি এর অপব্যবহার মানুষের নৈতিক ও ব্যক্তিগত পরিসরকে বিপন্ন করছে। তাই প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর নৈতিক ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী জানান, তিনি অনেক আগে এলএলবি সম্পন্ন করেছেন এবং ২০২২ সালের দিকে এলএলএম পরীক্ষার প্রস্তুতির সময় সাইবার আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং এসব অপরাধের শাস্তি সম্পর্কে জেনেছেন। এ বিষয়ে আরও বেশি আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা দরকার।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে রাষ্ট্র ও সমাজ নানা ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলা করে দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারের আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আলোচনা শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আলোচনায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও সুপারিশের একটি সমন্বিত সারসংক্ষেপ বা কার্যবিবরণী তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের সুপারিশমালা তার কাছেও দেওয়া হলে তিনি তা যথাযথ পর্যায়ে পাঠানোর উদ্যোগ নিতে পারবেন। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থেকেই আয়োজকেরা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও দেশের ও সমাজের কল্যাণে তাদের সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের পরিচালক ও আইসিটি ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী রুপম রাজ্জাক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ সহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category