হঠাৎ হাতে বা হাতের কবজিতে তীব্র ব্যথা হচ্ছে। এ ব্যথা খুব সাধারণ
ব্যথা হলেও কোনো কারণ ছাড়াই হয় এমন নয়। এ ধরনের ব্যথায় আমরা
সাধারণত চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে
থাকি। যেটি মারাত্মক ভুল সিদ্ধান্ত। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ
খাওয়া যাবে না।
হঠাৎ ইনজুরির কারণে কবজিতে বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে।
এছাড়া ঘাড়ে ব্যথার কারণে কবজিতে ব্যথা হতে পারে, বারবার কবজিতে
চাপ ও কারপাল টানেল সিনড্রোমের কারণেও ব্যথা হয়ে থাকে।
কবজির ব্যথার কারণ: কবজি বা রিস্টজয়েন্ট হলো একটি জটিল
সন্ধি যা তৈরি হয়েছে কয়েকটি হাড়ের সমন্বয়ে। যেমন: রেডিয়াস ও
আলগা হাড়ের নিম্নাংশ এবং আটটি ছোট ছোট কারপাল হাড়। এ
কারপাল হাড়গুলো দু’ সারিতে সাজানো।
লিগামেন্টের শক্ত ব্যান্ড কবজির হাড়গুলোকে একে অন্যের সঙ্গে,
রেডিয়াস ও আলনা হাড়ের নিম্নাংশ এবং হাতের হাড়গুলোকে সংযুক্ত করে।
টেনডনগুলো হাড়ের সঙ্গে মাংসপেশীকে সংযুক্ত করে। কবজির যে
কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে ব্যথা হতে পারে। এছাড়া হাত ও কবজির
ব্যবহারের সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। কবজি ব্যথার সাধারণ
কারণগুলো হচ্ছে, ইনজুরি হলে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা।
হাতের ওপর ভর দিয়ে সামনের দিকে পড়ে গেলে কবজিতে খুব বেশি
ইনজুরি হতে পারে। ফলে কবজি মচকে যায়, কবজিতে টান পড়ে এবং
কবজির হাড় ভেঙ্গেও যায়। ফলে ব্যথা হতে পারে। এসময় অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর্থ্রাইটিস বা বাতের সমস্যার কারণেও কবজি ব্যথা হতে পারে।
সাধারণত কবজিতে অস্টিও আর্থ্রাইটিস খুব কম হয়। কোনো লোকের
কবজিতে আগে ইনজুরি হয়ে থাকলে পরে অস্টিও আর্থ্রাইটিস হয়। এক্ষেত্রে
কার্টিলেজ বা তরুণাস্থি ছিঁড়ে যায় বা ক্ষয় হয়।
বেশিরভাগ ক্ষেত্রে হাত ও কবজির যে কোনো কাজ বারবার করলে
কবজির ব্যথা বেড়ে যেতে পারে। আর বোলিং, গলফ, জিমন্যাস্টিক, টেনিস
ইত্যাদি খেলার ফলেও ব্যথা হতে পারে।