বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া ওই মন্তব্যের তীব্র সমালোচনা করে এর স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বিতর্কিত বক্তব্য তাঁর নজরে এসেছে। জামায়াত আমির বলেন, “‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি আসলে কী বুঝিয়েছেন, সরকারের উচিত অবিলম্বে তাঁর কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই একটি স্বাধীন রাষ্ট্রে পা রেখেই দুই দেশ এক করার মতো বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে তা বাংলাদেশের জনগণের মনে গভীর বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করতে পারে।
বিষয়টি নিয়ে সরকারের জরুরি কূটনৈতিক পদক্ষেপ দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সরকারের কাছে এই সংবেদনশীল বিষয়ে দ্রুত সুরাহা চাই। যদি তিনি (হাইকমিশনার) আক্ষরিক অর্থেই দুই দেশের সার্বভৌমত্ব এক করার মতো কোনো ইঙ্গিত দিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। অতএব, বিষয়টি দ্রুত স্পষ্ট হওয়া দরকার।”
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এই স্পর্শকাতর বক্তব্যের আসল ব্যাখ্যা অবিলম্বে জনসম্মুখে তুলে ধরা উচিত।