ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারল না। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও তাদের দ্বিতীয় সুযোগ ছিল। কিন্তু মেহেদি হাসান মিরাজের গায়ানা এবারও ব্যর্থ, শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে তাদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জ্যামাইকা কিংসম্যান। বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ (শনিবার) ফাইনালের ওঠার লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। ৪৫ বলে ১০২ রান করা হেটমায়ারের ব্যাটে চড়ে তারা ৪ উইকেটে ২০৬ রান তোলে। তবে সেটিও যথেষ্ট হয়নি মিরাজ-শামার জোসেফদের বিবর্ণ বোলিংয়ে। বিপরীতে মাজ সাদাকাত ও রভম্যান পাওয়েলদের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল এবং ৫ উইকেট হাতে রেখে জ্যামাইকা গন্তব্যে পৌঁছে যায়।
ব্যাটিংয়ে আগের ম্যাচগুলোয় সুযোগ পেলে কার্যকর কিছু করতে পারেননি মিরাজ। তবে বোলিংয়ে গায়ানার জার্সিতে প্রথম তিন ম্যাচে তিনি ৯ উইকেট শিকার করেন। তবে সর্বশেষ লো স্কোরিং ম্যাচের পর আজও উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। জ্যামাইকার কাছে হারের ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দিলেও কোনো উইকেট পাননি।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাজ সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চার হজমের পর ১৮ রান দেন মিরাজ। তার শেষ দুই বলে আরও ২টি ছক্কা হাঁকান সাইম আইয়ুব। এর আগে বাংলাদেশি এই তারকা ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। ২০ রানের মাথায় তার দল ২ উইকেট হারায়। এরপর শাই হোপ ৩৩ বলে ৪০ এবং হেটমায়ার ৪৫ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। কুয়েন্টিন স্যাম্পসন ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেললে গায়ানার সংগ্রহ দুইশ পেরোয়।
লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকা দলগত পারফর্ম করেছে। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কেসি কার্টি ৫৬ করে জয়ের পথ সুগম করেন। পরে রভম্যান পাওয়েল ১৭ বলে ৪০ রানের ইনিংস খেললে ২ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় জ্যামাইকার।