• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

শস্যবীমা নীতিমালা: কেবল অনুমোদনই যথেষ্ট নয়, প্রয়োজন অবকাঠামোগত প্রস্তুতি

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে দেশের কৃষকদের আর্থিকভাবে সুরক্ষা দিতে সরকার ‘শস্যবীমা নির্দেশিকা ২০২৬’-এর খসড়া অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও আধুনিক কৃষিপ্রযুক্তিতে বিনিয়োগ উৎসাহিত করা, গ্রামীণ দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০২৫ সালে শস্য খাতের ক্ষয়ক্ষতির অর্থনৈতিক মূল্যায়ন নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে দেশের ২১ দশমিক ১ শতাংশ পরিবার বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত, নদী ও উপকূলীয় ভাঙন, জলাবদ্ধতা, খরা ও লবণাক্ততার মতো অন্তত একটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে এবং ৬৪ দশমিক ৩৩ শতাংশ পরিবার ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বাস্তবতা হলো, কেবল নীতিমালা অনুমোদন দিলেই এই মহৎ উদ্দেশ্য সফল হবে না; বরং দুটি মৌলিক কাঠামোগত দুর্বলতা দ্রুত দূর করতে না পারলে পুরো পরিকল্পনাটিই ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

শস্যবীমা বাস্তবায়নের পথে প্রথম বড় অন্তরায় হলো দেশে অ্যাকচুয়ারি বা বীমা গাণিতিক বিশেষজ্ঞদের তীব্র সংকট। আর্থিক ঝুঁকি নিরূপণ করে বীমার প্রিমিয়াম এবং ক্ষতিপূরণের ন্যায্য হার নির্ধারণে অ্যাকচুয়ারিদের ভূমিকা অপরিহার্য। অথচ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দেশের ৮২টি বীমা কোম্পানির বিপরীতে তালিকাভুক্ত অ্যাকচুয়ারি রয়েছেন মাত্র সাতজন, যাঁদের মধ্যে আবার স্থায়ীভাবে দেশে বসবাস করেন কেবল দুজন। এত স্বল্পসংখ্যক বিশেষজ্ঞ দিয়ে দেশব্যাপী কোটি কোটি কৃষকের ফসলের ঝুঁকি মূল্যায়ন, প্রিমিয়াম নির্ধারণ এবং জটিল বীমা ব্যবস্থাপনা পরিচালনা করা কার্যত অসম্ভব। তাই দেশে অ্যাকচুয়ারিয়াল বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো এবং জরুরি ভিত্তিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

দ্বিতীয় বড় সংকটটি হলো স্থানীয় পর্যায়ে আবহাওয়া সংক্রান্ত তথ্যের ঘাটতি এবং পর্যাপ্ত আবহাওয়া স্টেশনের অভাব। অ্যাকচুয়ারিদের সঠিক হিসাব কষার জন্য নির্ভুল ও এলাকাভিত্তিক আবহাওয়ার তথ্য প্রয়োজন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৫০৩টি উপজেলার মধ্যে প্রায় ২৫০টি উপজেলায় আবহাওয়া স্টেশন রয়েছে, যা দিয়ে বড়জোর সীমিত পরিসরে পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প চালানো সম্ভব। বাংলাদেশে প্রায় ১৪ লাখ কৃষকের মাঝে শস্যবীমার পাইলট প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী সংস্থা সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন জানিয়েছে, স্থানীয় আবহাওয়ার তথ্য না থাকলে ‘বেসিস রিস্ক’ বা ভিত্তিগত ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ কোনো এলাকায় অতিবৃষ্টি বা খরায় কৃষকের ফসল নষ্ট হলেও সেখানে আবহাওয়া স্টেশন না থাকার কারণে তথ্যের অভাবে কৃষক ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হতে পারেন, যা পুরো ব্যবস্থার প্রতি কৃষকদের আস্থাহীন করে তুলবে। শস্য-সংশ্লিষ্ট আবহাওয়া ঝুঁকি নিয়ে কাজ করা একজন আবহাওয়াবিদের মতে, সারা দেশে শস্যবীমা চালু করতে হলে অবিলম্বে অন্তত আরও ২০০টি নতুন আবহাওয়া স্টেশন স্থাপন করা জরুরি।

‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ১১ শতাংশ এবং মোট শ্রমশক্তির ৪৪ দশমিক ৪৩ শতাংশই এই খাতে নিয়োজিত। অথচ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি বাংলাদেশের তথ্য বলছে, দেশের কৃষি খাতের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ বর্তমানে বীমার আওতায় রয়েছে। প্রতি বছর যেখানে প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড়ের আক্রমণ, বাজারের অস্থিরতা এবং ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে বাংলাদেশের কৃষকরা আনুমানিক ৭৪ কোটি ৭০ লাখ ডলার মূল্যের ফসলের ক্ষতির মুখে পড়েন, সেখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য শস্যবীমা একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। পাশাপাশি প্রান্তিক কৃষকদের জন্য প্রিমিয়ামে সরকারি ভর্তুকি এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করাও অত্যন্ত জরুরি। অ্যাকচুয়ারি তৈরি এবং উপজেলা পর্যায়ে আবহাওয়া স্টেশন স্থাপনের মতো মৌলিক ঘাটতিগুলো পূরণ না করে তাড়াহুড়ো করে এই প্রকল্প বাস্তবায়নে গেলে তা হিতে বিপরীত হতে পারে। সরকারের উচিত নীতিমালা অনুমোদনের পাশাপাশি জরুরি ভিত্তিতে এই কারিগরি ও মানবসম্পদ সংকট নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category