নড়াইলে জান্নাতুল মাওয়া নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি রবিউল শিকদার রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এ আদেশ দেন। আসামি রবি (৩০) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ধর্ষণের পর হত্যার ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি রবির সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি রবির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
তিনি আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার (২০ জুলাই) বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জান্নাতুলকে ঘরের ডেকে নিয়ে যায় প্রতিবেশী রবিউল শিকদার। পরে পরিবারের লোকজন জান্নাতুলকে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিউল শিকদারের ঘরে খুঁজতে গিয়ে তাকে ঘরের মধ্যে মাটিতে কাঁথা দিয়ে প্যাঁচানো অবস্থায় পায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের বাবা মফিজুর শেখ বাদী হয়ে রবিউল শিকদার রবির নাম উল্লেখ করে মামলা করেন।