আগামী ১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলের সমর্থিত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই তথ্য নিশ্চিত করেন।
সারজিস আলম জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৩০ এপ্রিলের মধ্যেই ১০০টি উপজেলা ও পৌরসভায় দলের প্রার্থী ঘোষণা করার কথা ছিল। তবে কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক সমস্যার কারণে সেই তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। এর পাশাপাশি, চলতি মাসের মধ্যেই দেশের সাতটি সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হবে বলে জানান তিনি।
দলের বর্তমান রাজনৈতিক কৌশল তুলে ধরে তিনি বলেন, এনসিপি বর্তমানে একটি ১১ দলীয় জোটে থেকে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে জোটবদ্ধভাবে থাকলেও, একক ও সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি জায়গায় এনসিপি এককভাবে নিজেদের প্রার্থী দেবে।
অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের কড়া সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি আগের ক্ষমতাসীনদের মতোই ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা শুরু করেছে। তারা স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসানো হয়েছে এবং বর্তমানে কোনো উপজেলা চেয়ারম্যান স্বপদে বহাল নেই।
এমনকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার একটি অপচেষ্টা চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। ক্ষমতা কুক্ষিগত করার এমন মানসিকতা হিতে বিপরীত হবে বলে সতর্ক করে সারজিস আলম জোর দাবি জানান, অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করে চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে হবে।