মধ্যবিত্তের অর্থনৈতিক সমস্যা প্রায় চিরন্তন।
ছোটবেলায় দাদুকে দেখতাম, ক্লান্ত পায়ে বাজার থেকে ফিরে দাদিকে বলছেন, ‘আবু তাহেরের মা, জিনিসফত্র বড় মঙ্গা। কুলাইত ন ফারির। বেশি ফদ ন রাইন্দো।’
অর্থাৎ, ‘আবু তাহেরের মা, জিনিসপত্রের দাম খুব বেশি, কুলাতে পারছি না, তরকারির পদ কমাও।’
আব্বাকে দেখেছি, আম্মাকে বলছেন, ‘শাহীনের মা, দিন দিন জিনিসের দাম বাড়তেছে, কী করব বুঝে কুল করতে পারতেছি না।’
আমি স্ত্রীকে বলি, ‘কীভাবে সামলাই বলো তো? যেভাবে সবকিছুর দাম বাড়ছে…।’
এ সমস্যা দূর করার কোনো অব্যর্থ সমাধান আমার জানা নেই। তবে অন্তত কিছুটা স্বস্তি যাতে পাওয়া যায় সেজন্য আমি কিছু কৌশল শেয়ার করছি।
১) সবচেয়ে জরুরি হলো খরচের দুটো ভাগ করা। এগুলো হলো,
ক। অপরিহার্য খরচ—খাবার, বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা, ইউটিলিটি বিল, প্রয়োজনীয় পোশাক।
খ। অপরিহার্য নয় এমন খরচ— অপ্রয়োজনীয় কেনাকাটা, অতিরিক্ত মোবাইল বিল, নেটফ্লিক্স, ডিশ, ওটিটি জাতীয় সাবস্ক্রিপশন, বাইরে খাওয়া বা অনলাইনে খাবার অর্ডার।
অপরিহার্য নয় এমন খরচ বাদ দেওয়া উচিত।
২) মাসের শুরুতে খরচের পরিকল্পনা করে তা অনুসরণ করা। মাস শেষে আয়-ব্যয়ের হিসাব করে দেখা পরিকল্পনার বাইরে খরচ হলো কি না। হলে সাবধান হওয়া।
৩) পরিকল্পনা করে নিত্যপণ্যের বাজার সাপ্তাহিক ভিত্তিতে করা। এতে খরচ সাশ্রয় হয়। তাছাড়া, বারবার বাজার করলে সেখানে যাওয়ার খরচ বারবার লাগে। সময়ও নষ্ট হয়।
৪) খাবার তালিকায় কয়েক পদের তরকারি খরচ বাড়ায়। তাই তরকারির পদ কমিয়ে আনা যায়। আমি একটি মেইন ডিশ আর সবজি বা ডালের পক্ষে। তবে এমনভাবে পরিকল্পনা করা উচিত, যাতে পরিবারের পুষ্টির সমস্যা না হয়। সপ্তাহের একেকদিন একেক ধরনের পুষ্টিকর পদ রাখলে এ ঘাটতি পূরণ সম্ভব।
৫) কাছাকাছি দূরত্বে হেঁটে গেলে যে যাতায়াত খরচ বাঁচবে, মাস শেষে তার পরিমাণ একদম কম নয়।
৬) একবার বাইরে গেলে কয়েকটি কাজ সেরে নিলে বারবার যাওয়ার খরচ অনেক কমবে।
৭) অপ্রয়োজনে বিদ্যুৎ খরচ কমানো জরুরি। দরকার না হলে ফ্যান, বাতি চালানো উচিত নয়।
৮) খুব জরুরি না হলে ঋণ ও কিস্তিতে কিছু কেনা বন্ধ রাখা।
৯) সম্ভব হলে বাচ্চাকে নিজে পড়ানো। এতে গৃহশিক্ষক বাবদ খরচ কমবে, বাচ্চার সাথে বন্ধনও দৃঢ় হবে। তবে সম্ভব না হলে এক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত নয়।
১০) পারিবারিক দিবস, যেমন বিবাহবার্ষিকী, জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করাটাও অর্থ সাশ্রয় করবে।
১১) লোক দেখানো খরচ অনেক বড় সমস্যা। অন্যের কাছে বড় হতে গিয়ে ভেতরে ভেতর কুঁজো হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।
যে খরচ কমাবেন না—
১) চিকিৎসা খরচ।
২) শিক্ষাখরচ।
৩) শিশুখাদ্য।
৪) গর্ভবতী নারী এবং বয়স্কদের জরুরি খরচ।
৫) নিজের বিশেষ দক্ষতা বৃদ্ধির খরচ।
এ ব্যাপারে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার লোভ সামলাতে পারছি না। তাহলো, আম্মার চিকিৎসার জন্য মাসে কিছু খরচ লাগে। অদ্ভুত ব্যাপার হলো, এ টাকাটা বেতনের বাইরের কোনো না কোনো উৎস থেকে জোগাড় হয়ে যায়। হয়তো ফেসবুক থেকে আসে, নয়তো বইয়ের রয়্যালিটি, বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক বা বক্তা হিসেবে সম্মানী। তাঁর পেনশন বা অন্য ভাইবোনদের পাঠানো টাকায় হাত দিতে হয় না!
এর ব্যাখ্যা আমার জানা নেই। তবে মনে হয় কিছু কিছু খরচে মহান আল্লাহতায়ালার রহমত থাকে।
আবার মূল কথায় ফিরে আসি। আমি বিশ্বাস করি, আয় করা সংগ্রাম আর ব্যয় করা একধরনের শিল্প। এই শিল্প আয়ত্ত করলে মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পেতে পারেন।
আপনি কি আমার কৌশলগুলোর সাথে একমত? আর কোনো কৌশল কি আপনার জানা আছে?
⸻
#আসুন মায়া ছড়াই