মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারভিত্তিক জনকল্যাণমূলক কর্মসূচির ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নওগাঁ জেলা পরিষদ।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, “সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
এই পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জেলার উল্লেখযোগ্য কিছু অর্জন ও চলমান কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়:
খাদ্য সহায়তা: ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে সফলভাবে খাদ্যসামগ্রী বিতরণ।
কৃষি ও সেচ: খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সম্প্রসারণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি।
পরিবেশ রক্ষা: বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ উদ্যোগ।
কৃষকবান্ধব সেবা: কৃষক কার্ডের মাধ্যমে তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষি ঋণ মওকুফ প্রক্রিয়া।
জেলা তথ্য অফিসার ব্রিফিংকালে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, জেলার প্রতিটি উপজেলায় এই কর্মপরিকল্পনাগুলোর বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জনে জেলা তথ্য অফিস নিরলস কাজ করে যাচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের শেষাংশে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের সব কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।